দেশের তাঁতশিল্পকে আরও শক্তিশালী করতে দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে শুক্রবার একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'ভারতীয় হ্যান্ডলুম পণ্য কিনুন। নিজের প্রিয় তাঁতের পোশাক পরে ছোট ছোট ভিডিও তৈরি করুন এবং সামাজিক মাধ্যমে #NationalHandloomDay ব্যবহার করে তা শেয়ার করুন। এতে যেমন তাঁতশিল্পীদের উৎসাহ বাড়বে। তেমনই ভারতীয় হ্যান্ডলুমের জনপ্রিয়তাও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।' পাশাপাশি তাঁতশিল্পীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের সমৃদ্ধ তাঁত ঐতিহ্য আমাদের গর্ব। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের তাঁতশিল্পি ও কারিগরেরা তাঁদের দক্ষতা, সৃজনশীলতা এবং নিষ্ঠার মাধ্যমে এই ঐতিহ্যকে জীবন্ত রেখেছেন। তাঁদের অবদানকে স্যালুট জানাই।'