ভোপালে যুব কংগ্রেসের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর আজকের বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু ছিল মার্কিন সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায় এবং ভারতের তথ্য সুরক্ষা সংক্রান্ত একটি বিতর্কিত চুক্তি। আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে মোদীকে সরাসরি নিশানা করলেন রাহুল। তাঁর বক্তব্য, আমেরিকা ও ভারতের মধ্যে হওয়া নির্দিষ্ট একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সেই রায়ের প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, 'আমি এই মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিচ্ছি, যেহেতু আমেরিকার আদালত এই চুক্তির বিষয়ে রায় দিয়ে দিয়েছে, তাই আপনি অবিলম্বে আমেরিকার সঙ্গে এই চুক্তিটি বাতিল করুন।' বিরোধী দলনেতার অভিযোগ, এই চুক্তির আড়ালে প্রধানমন্ত্রী দেশের কোটি কোটি মানুষের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য (Data) আমেরিকার হাতে তুলে দিয়েছেন। তাঁর মতে, এটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে আপস করার সমান। তিনি যুব সমাজকে সতর্ক করে বলেন যে, বর্তমান সরকার বিদেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের তথ্য সুরক্ষা বিঘ্নিত করছে। তিনি যুবকদের উদ্দেশে বলেন, 'আপনারা মোদীকে ভয় পাবেন না। যখন নরেন্দ্র মোদী ভাষণ দেন, তখন তাঁর চোখের দিকে তাকিয়ে দেখুন, আপনারা সেখানে স্পষ্ট ভয় দেখতে পাবেন।'