উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় সিহোরি টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। একটি এলপিজি-বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারতেই গ্যাস লিক শুরু হয়। মুহূর্তের মধ্যেই ঘটে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের জেরে পুরো এলাকা আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালক-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে টোল প্লাজার দুই কর্মীও রয়েছেন। আরও দু'জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসা চলছে। ভয়াবহ আগুনে টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা অন্তত ১৬টি মোটরবাইক এবং দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই মর্মান্তিক ঘটনার পুরো দৃশ্য টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ডিভাইডারে ধাক্কা লাগার পর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্যাঙ্কার থেকে গ্যাস বেরোতে শুরু করে এবং তারপরই ভয়াবহ বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।