সিকিমের একটি নির্মীয়মাণ টানেলে গ্যাস লিক করে আটকে বহু শ্রমিক। এখনও পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। আরও অনেকে আটকে রয়েছেন, ফলে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটে সিকিমের নামচি এলাকায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর, সোমবার বিকেলে এই এলাকায় একটি টানেলের কাজ চলছিল। সেখানে মিথেন গ্যাস বিস্ফোরণের জেরে এই বিপত্তি বলে মনে করছেন অনেকে। নির্মীয়মাণ টানেলে আটকে থাকা শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য অক্সিজেন পাঠানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। যাতে অক্সিজেনের ঘাটতিতে সমস্যা না হয় আটকে পড়া শ্রমিকদের। সিকিমের পুলিশ সূত্রে খবর, দক্ষিণ সিকিমের নামচি জেলায় এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত সমরডুং টানেলে মিথেন গ্যাস বিস্ফোরণ হয়। এর পরেই ওই টানেলের প্রবেশপথে বিশাল ধস নামে। আচমকা ওই ধসের কারণে টানেলের ভেতরে আটকে পড়েছেন বেশ কয়েকজন নির্মাণকর্মী। খবর পাওয়ার পরপর একাধিক উদ্ধারকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে টানেলের ভেতরে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের পাশাপাশি অন্ধকার এবং অক্সিজেনের তীব্র ঘাটতির কারণে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেখান থেকে এখনও পর্যন্ত ১৬ জনকে উদ্ধার উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তাঁরা।