লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক দিল্লি থেকে জম্মু-কাশ্মীর হয়ে লাদাখে ফেরার পথে বন্দে ভারত এক্সপ্রেসে সফর করে ভারতীয় রেল এবং দেশের রেল পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করলেন। তিনি এই সফরকে অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা বলে উল্লেখ করেন এবং বলেন, ভারতীয় রেলের অগ্রগতিতে তিনি গর্বিত। সম্প্রতি গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর দিল্লি ছাড়েন ওয়াংচুক। দীর্ঘ অনশন কর্মসূচি শেষ করার পরই তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যম 'এক্স'-এ একটি ভিডিও পোস্ট করে নিজের ট্রেনযাত্রার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। ভিডিওতে ওয়াংচুক জানান, ট্রেনে ভ্রমণ তাঁর সর্বদাই প্রিয়। বিশেষ করে বিশ্বের অন্যতম উচ্চতম রেলসেতু চেনাব ব্রিজ নিজের চোখে দেখার ইচ্ছা ছিল তাঁর। সেই ইচ্ছা পূরণ হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। ওয়াংচুক বলেন, 'আমি চেনাব ব্রিজ দেখতে চেয়েছিলাম। পুরো যাত্রাই ছিল অত্যন্ত সুন্দর। ভারতীয় রেলকে নিয়ে আমি খুবই গর্বিত।' তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে শুধু ভ্রমণের অভিজ্ঞতাই নয়, ভিডিওতে কেন্দ্র সরকারের প্রতিও একটি বার্তা দেন তিনি। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, তা দ্রুত রক্ষা করার আহ্বান জানান ওয়াংচুক। তাঁর মতে, সংলাপ ও প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমেই গণতান্ত্রিক সমস্যার সমাধান সম্ভব।