SIR প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া বৈধ এবং SIR-এ নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে তৃণমূল কংগ্রেসের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সুপ্রিম কোর্টের যে রায় SIR বা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে দেওয়া হয়েছে, তা শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য, গোটা দেশের জন্য নয়। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আদালত নির্বাচন কমিশনের দেওয়া কিছু সুরক্ষাবিধিকে যথেষ্ট বলে মেনে নিয়েছে। তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কে নাগরিক আর কে নন, তা নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। কোনও ব্যক্তির নাম নাগরিকত্বের প্রশ্নে ভোটার তালিকা থেকে বাদ দিলে সেই বিষয়টি নাগরিকত্ব আইনের অধীন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ব্যক্তি ভারতীয় নাগরিক কি না। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিহারের থেকে আলাদা। বাংলায় ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে একাধিক ‘প্রসিডিউরাল ল্যাপস’ ও যুক্তিগত অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।