
Dol 2026 Vastu Tips: দুর্গাপুজো ও দীপাবলির মতোই দোলের আগেও ঘরবাড়ি পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র। বিশ্বাস, রঙের উৎসবের আগে ঘর থেকে নেগেটিভ শক্তি দূর করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। চলতি বছর ৩ মার্চ দোল এবং ৪ মার্চ হোলি পালিত হবে। তার আগে কিছু জিনিস ঘর থেকে সরিয়ে ফেলাই শুভ বলে মনে করা হচ্ছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, উৎসব মানেই নতুন সূচনা। তাই ঘরে জমে থাকা অপ্রয়োজনীয় বা অশুভ বস্তু সরিয়ে ফেললে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। ঘরের পরিবেশও ইতিবাচক হয়।
প্রথমেই নজর দিন ভাঙা আয়নার দিকে। ভাঙা আয়না ঘরে রাখা অত্যন্ত অশুভ বলে ধরা হয়। এতে দুর্ভাগ্য ডেকে আনে বলে বিশ্বাস। কাঁচের কোনও জিনিস ভেঙে গেলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত।
বন্ধ হয়ে যাওয়া ঘড়িও ঘরে রাখা উচিত নয়। বাস্তুমতে অচল ঘড়ি উন্নতির পথে বাধা সৃষ্টি করে। দোলের আগে বাড়ির সব ঘড়ি পরীক্ষা করে নিন। নষ্ট হলে তা সরিয়ে ফেলুন।
ভাঙা ঠাকুরের মূর্তি বা সাজসজ্জার উপকরণ ঘরে রাখা অশুভ। অনেকেই মায়ার কারণে তা ফেলে দিতে পারেন না। তবে বাস্তু মতে, ভাঙা মূর্তি জলে বিসর্জন দেওয়াই শ্রেয়। এতে বাস্তুদোষ কমে।
অচল বৈদ্যুতিন সামগ্রী দীর্ঘদিন ঘরে জমিয়ে রাখা উচিত নয়। বিশ্বাস, এতে রাহু-কেতুর অশুভ প্রভাব পড়ে। যে ইলেকট্রনিক জিনিস আর ব্যবহারযোগ্য নয়, তা বিক্রি বা দান করে দিন।
বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। প্রবেশপথ নোংরা থাকলে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ বাধাগ্রস্ত হয় বলে মনে করা হয়। দোলের আগে প্রধান দরজা ও আশপাশের এলাকা পরিষ্কার করুন।
পুরোনো ও অপ্রয়োজনীয় জুতোও নেগেটিভ এনার্জির উৎস বলে ধরা হয়। দীর্ঘদিন ব্যবহার না করা জুতো জমিয়ে না রেখে দোলের আগেই সরিয়ে ফেলুন।