Advertisement

Jamai Sasthi 2026 Rituals: জামাই আদরের বিশেষ পার্বণে কী কী লাগে? জামাইষষ্ঠী নিয়মকানুন, রীতি জেনে নিন

Jamai Sasthi: জামাইষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার-অনুষ্ঠান। এটি, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার।

জামাইষষ্ঠীর নিয়মকানুন জামাইষষ্ঠীর নিয়মকানুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 10:33 AM IST

বাঙালির নানা উৎসবের মধ্যে জামাইষষ্ঠী খুব গুরুত্বপূর্ণ। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। এদিন বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। জামাইষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার-অনুষ্ঠান। এটি, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার। সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা। তবে বর্তমান সময় অনেকেই জানেন না, এই বিশেষ উৎসবের রীতিনীতি। জানুন কী কী লাগবে জামাইষষ্ঠী পালন করতে।  

কী কী উপকরণ লাগে?  

নতুন বস্ত্র, ফল- ফলাদি (আম, জাম, কলা, লিচু, কাঁঠাল বা গ্রীষ্মকালীন ফল), পান- সুপারি, ধান- ১০৮ দূর্বা, বাঁশের করুল, করমচা ফল, তালের পাখা, উপহার দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাইষষ্ঠী।

জামাইষষ্ঠীর নিয়মকানুন- রীতি 

জামাইষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা। এরপর মঙ্গল কামনায় তেল-হলুদের ফোঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে বলতে হয় 'ষাট-ষাট-ষাট'। এরপর জামাইকে মাথায় ধান- দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা। সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল। যদিও বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তরাঁতে আয়োজন হচ্ছে, বিশেষ জামাইষষ্ঠী। আর সকলে সেখানেই আদরে- যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে। 

বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের। ভিন্ন ধরনের মরসুমি ফল, মিষ্টি সহযোগে জামাইভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে। একদিকে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে থাকে আম-জাম-কাঁঠাল -লিচুর মতো ফল। সেই সঙ্গে এদিন জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ। বলাই বাহুল্য বছরের একটা দিন শ্বশুরবাড়ির এই স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইরা।   

জামাইষষ্ঠীর লোককথা 

জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদও। অনেকে মনে করেন, ভারতবর্ষে এক সময় এক সংস্কার প্রচলিত ছিল যে, কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে, তার বাবা-মা তার গৃহে পদার্পণ করবেন না। তাই জৈষ্ঠ্য মাসের শুক্লা ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসাবে। এই প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে তাদের এই আশায়। 

Advertisement

লোকমুখে শোনা যায় আরও একটি কথা। এদিন মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করতেন মেয়ের মায়েরা, যাতে তাদের মেয়ের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান। বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে। মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ হয় জামাই ষষ্ঠী। এখন মেয়ে-জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন ও খাওয়া দাওয়া, আনন্দের মাধ্যমেই উদযাপন হয় জামাই ষষ্ঠী।  

জামাইষষ্ঠী ২০২৬-র দিনক্ষণ 

মূলত জৈষ্ঠ্য মাসেই হয় এই পার্বণ। এবছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ২০ জুন অর্থাৎ ৫ আষাঢ়, শনিবার। ১৯ জুন রাত ১০/১৬  মিনিট থেকে ২০ জুন রাত ৮/৫৭ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। 

 

Read more!
Advertisement
Advertisement