
ভারতীয়রা উৎসবে গা ভাসাতে ভালোবাসেন। বছরের বিভিন্ন সময়ে গোটা দেশজুড়েই চলতে থাকে নানা পার্বণ। খাওয়া-দাওয়া, নাচ-গান সব মিলিয়ে আনন্দে মেতে ওঠেন সকলে। সেরকমই একটা অনুষ্ঠান হল নববর্ষ (Noboborsho)। এই উৎসবে শুধু বাঙালি না, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষেরা উদযাপন করেন।
কথায় বলে 'মর্নিং শোজ দ্য ডে'। তাই বছরের প্রথম দিনটা বিশেষ ভাবে উদযাপন করেন সকলে। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে, বৈশাখ (Baisakh) মাসকে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত করে।
উত্তর ও মধ্য ভারতে নতুন বছর বৈশাখী, আসামে রঙ্গালি বিহু, তামিলনাড়ুতে তামিল পুঠান্ডু, কেরালায় বিশু, ওড়িশায় বিশুব সংক্রান্তি এবং পশ্চিমবাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব।
নববর্ষের তারিখ
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, বাংলা নববর্ষ সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল পড়ে। বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ, পহেলা বৈশাখ এবং পাহেলা বৈশাখের মতো বিভিন্ন নামে ভারতের অংশ ডাকা হয়। এই বছর ১৪৩৩-এ পা দেব আমরা। বার ইংরাজি ১৫ এপ্রিল, বুধবার পড়েছে ১ বৈশাখ। সুতরাং চৈত্র সংক্রান্তি পালিত হবে তার আগের দিন অর্থাৎ ১৪ এপ্রিল।
বাঙালির নববর্ষ
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও, নববর্ষের আলাদা গুরুত্ব আছে। বর্তমানে এই বিশেষ দিন উপলক্ষে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে শহরের রাস্তাঘাট। সকলে রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে। পশ্চিমবঙ্গে বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এদিন লক্ষ্মী-গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। সব বাঙালিই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। মিষ্টিমুখ,খাওয়া দাওয়া, কোলাকুলি, হালখাতা,আড্ডা,নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের।
নবান্ন উৎসব
বিভিন্ন রাজ্যে নবান্ন উৎসব পালন করেন সকলে বিভিন্ন ভাবে। এই সময়ই নতুন ফসল ওঠে। সারা বছর যাতে ভাল করে চাষাবাদ করা হয়, তাই সেই প্রার্থনা করে বিশেষ পুজো করেন সকলে।
বোহাগ/ রঙ্গালি বিহু
বোহাগ বিহু আসাম, মণিপুর এবং বাংলার বিভিন্ন অংশে এই সময়ে উদযাপন করা হয়। অসমীয়ারা বছরে তিনবার বিহু উদযাপন করেন। এই বিহুর দিন মাংস, চিড়া ও পিঠা জাতীয় খাবার তৈরি করা হয় বাড়িতে-বাড়িতে। একে অপরকে উপহার বিনিময়ও করেন তাঁরা। প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নেন সকলে এদিন। এছাড়াও নতুন জামাকাপড় পরে ঐতিহ্যবাহী বিহু নাচে মেতে ওঠেন অসমীয়ারা।
বৈশাখী
বছরের এই সময়ে উত্তর ও মধ্য ভারতে বৈশাখী উদযাপন করা হয়। ১৬৯৯ সালে এদিন, দশম শিখ ধর্মগুরু, গুরু গোবিন্দ সিং শিখ ধর্ম অনুসরণ করার কথা বলেছিলেন এবং খালসা সম্প্রদায় গঠিত হয়েছিল। পঞ্জাব ও হরিয়ানার উত্তর দিক এবং দিল্লির কিছু অংশে এই দিনটি খুব ধুমধামের করে পালন করা হয়। সকলে একত্রিত হয়ে বিভিন্ন ঐতিহ্যবাহী নাচ-গান করেন। এছাড়াও ফসল ফলনের জন্য ধন্যবাদ জ্ঞাপনের দিন হিসাবে এবং ভবিষ্যতের সমৃদ্ধির জন্য প্রার্থনা করে শিখ সম্প্রদায় বৈশাখী পালন করেন।
বিশু
কেরল ও কর্ণাটকের কিছু অংশে বছরের এই সময়ে বিশু উৎসব পালিত হয়। আতশবাজি, আলোর রোশনাইতে সেজে ওঠে সব বাড়ি। স্থানীয়ভাবে বিশ্বুপদাক্কম নামে পরিচিত এই উৎসব। নতুন জামা-কাপড় পরে, রকমারি খাওয়া-দাওয়া ও শুভেচ্ছা বিনিময় করে পালন হয় এই শুভ দিন। ভগবান বিষ্ণুর সামনে ফল, চাল, শাক সবজি , পান ইত্যাদি রেখে বিশেষ পুজোর আয়োজন করা হয় এদিন।
পুঠান্ডু
নববর্ষের সময়ে তামিলনাড়ুতে পুঠান্ডু উৎসব পালন করা হয়। বাড়ি- ঘর পরিষ্কার করে, ফল, ফুল,রঙ্গোলী ও আলো দিয়ে সাজানো হয় এদিন। এছাড়াও সকলের বাড়িতে পুজোর আয়োজন করা হয়। অনেকে স্থানীয় মন্দিরগুলিতে পরিদর্শন করেন বছরের প্রথম দিন। নতুন জামাকাপড় পরে একে অপরকে শুভেচ্ছা বিনিময় ও খাওয়া-দাওয়ার মধ্যে পালন করেন এই বিশেষ দিন।