শুরু হয়ে গেল রথযাত্রার কাউন্টডাউন। দেশজুড়ে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। পুরীতে নিয়ম নীতি মেনে সকাল থেকেই চলছে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। পুরীতে সকাল থেকে মন্দিরের সামনে হাজার হাজার ভক্তের আগমন হয়েছে। মন্দিরের বাইরে মঞ্চে তিন বিগ্রহকে বসানো হয়েছে, নিয়ম রীতি নীতি মেনেই হচ্ছে স্নানযাত্রার অনুষ্ঠান। ভক্তদের বিপুল সমাবেশে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পুরীতে রয়েছেন এই পবিত্র দিনে। পৌরাণিক কাহিনি ও লোকবিশ্বাস অনুসারে, রাজকীয় এই মহাস্নানের পরেই মহাপ্রভুর প্রবল জ্বর আসে। তাই স্নানযাত্রার পর থেকে টানা ১৫ দিন বা এক পক্ষকাল প্রভু ভক্তদের দর্শনের আড়ালে থাকেন, যাকে বলা হয় অনবসর কাল। এই নিভৃতবাস কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পর জগন্নাথ রাজবেশে ভক্তদের মাঝে ফিরে আসেন। এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত।