
Janmashtami 2026: জন্মাষ্টমী কবে? এটি একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন উপলক্ষে পালিত হয়। এ বছর কবে পালিত হবে এই উৎসব, ৪ না ৫ সেপ্টেম্বর? এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একইসঙ্গে সকলেরই জানার আগ্রহ জন্মাষ্টমীর সরকারি ছুটি কবে?
ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান বিষ্ণু অশুভ শক্তিকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান কৃষ্ণ রূপে গ্রহণ করেছিলেন। এই উৎসবটি প্রতিবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। বিশ্বাস করা হয়, ভগবান কৃষ্ণ মথুরায় মধ্যরাত জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে ভক্তরা উপোস করেন। ভগবান কৃষ্ণকে অলংকৃত করেন, তাঁকে দোল দেন এবং মাখন-মিশ্রি ও অন্যান্য প্রসাদ নিবেদন করেন। মন্দির ও বাড়িতে মধ্যেরাতে বিশেষ পুজো এবং আরতির মাধ্যমে শ্রীকৃষ্ণ জন্মোৎসব উদযাপিত হয়। বরাবরের মতোই কৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে এবারও।
জন্মাষ্টমী কবে পালিত হবে?
এ বছর ভগবান কৃষ্ণের ৫২৫তম জন্মবার্ষিকী পালিত হবে। পণ্ডিত বন্য আর্যের মতে, এই বছর জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর পালিত হবে। বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা ৫ সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন করবেন। ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকীতে নিষিক্ত তিথিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই সময়ে ভগবান কৃষ্ণের পুজো করা, আরতি করা, তাঁকে দোলনায় দোলানো এবং বিশেষ অলঙ্কারে সজ্জিত করার প্রথা রয়েছে। ভক্তরা জন্মাষ্টমীতে উপোস করেন। ৫ সেপ্টেম্বর দহি-হান্ডি উৎসব পালিত হবে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অষ্টমী তিথি ৪ সেপ্টেম্বর ভোর ২টো ২৫ মিনিটে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১৩ মিনিটে শেষ হবে।
কৃষ্ণ জন্মাষ্টমীতে নিশীথ পর্বে ভগবান কৃষ্ণের পুজো করা হয়। ৫ সেপ্টেম্বর নিশীথ পুজোর সময় রাত ১১টা ৫৭ মিনিট থেকে রাত ১২টা ৪৩ মিনিট পর্যন্ত।
রোহিণী নক্ষত্র ৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৯ মিনিটে শুরু হয়ে রাত ১১টা ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।
সরকারি ছুটি কবে?
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৪ সেপ্টেম্বর, শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শুক্র, শনি, রবি, লং উইকএন্ড পাচ্ছেন সরকারি দফতরের কর্মীরা। শনিবার সরকারি স্কুলে হাফ ছুটি ফলে পড়ুয়াদেরও লাভ।
ব্যাঙ্ক বন্ধ থাকবে?
৪ সেপ্টেম্বর, শুক্রবার সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও মিলবে ATM পরিষেবা।