
আর মাত্র একটা সপ্তাহ। জোরকদমে চলছে শ্যামাপুজোর প্রস্তুতি। পাড়ায় পাড়ায় প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ চলছে। কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। আলোর উৎসবে মেতে ওঠার আগে পুজোর তিথি ও নির্ঘণ্ট জেনে নিতেও আগ্রহী মা কালীর ভক্তরা। অনেকেই পুজোর দিন উপোস করে থাকেন সারারাত।
পঞ্জিকা মতে, চলতি বছরের ৬ নভেম্বর, শুক্রবার অর্থাৎ ২০ কার্তিকে পালিত হতে চলেছে ধনতেরাস। সোনা-রুপো বা নতুন বাসনপত্র কেনার জন্য বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়। এই লগ্নটিতে কেনাকাটা করলে সারা বছর ধরে সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে বলে বিশ্বাস ধার্মিকদের।
ধনতেরাসের ঠিক পরের দিন অর্থাৎ ৭ নভেম্বর, শনিবার পড়েছে ভূত চতুর্দশী। ওইদিন দুপুরবেলা বাঙালির পাতে ১৪ শাক খাওয়ার যেমন চল রয়েছে, তেমনই সন্ধ্যা নামলেই অশুভ শক্তি দূর করতে এবং পূর্বপুরুষদের স্মরণ করতে ১৪ প্রদীপ জ্বালানোরও রীতি রয়েছে।
তারপরই সেই মহালগ্ন। ৮ নভেম্বর, রবিবার দেশজুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি ও শ্যামাপুজো। কার্তিক অমাবস্যা তিথি সকাল ১১টা ২৭ মিনিটে শুরু হলেও, কালীপুজোর মূল নিশীথ প্রহর বা পুজোর শুভ সময় শুরু হবে রাত ১১টা ৩৯ মিনিট থেকে। পুজো চলবে মধ্যরাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
আগামী ১০ নভেম্বর ধুমধাম করে পালিত হবে অন্নকূট উৎসব এবং ভাইদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা উদযাপিত হবে ১১ নভেম্বর।
ধনতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা, টানা কয়েক দিনের এই আনন্দ উৎসবে মেতে উঠতে সকলেই একেবারে প্রস্তুত।