
সূর্যগ্রহণ শুধু জ্যোতিবৈজ্ঞানিক ঘটনা নয়, হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। বছরে চারটে সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ইতিমধ্যে হয়ে গিয়েছে। এবার অপেক্ষা দ্বিতীয় সূর্যগ্রহণের। প্রচলিত বিশ্বাস, সূর্যগ্রহণ মানুষের জীবন, ভাগ্য এবং ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে। ২০২৬ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে আগামী অগাস্ট মাসে।
কবে দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ?
এই বছর দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ১২ অগাস্ট। এই দিন শ্রাবণ মাসের অমাবস্যা তিথি, যা ‘হরিয়ালি অমাবস্যা’ নামেও পরিচিত। ধর্মীয় দিক থেকেও এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই সূর্যগ্রহণকে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
কখন হবে এই সূর্যগ্রহণ?
ভারতীয় সময় অনুসারে, এই সূর্যগ্রহণ শুরু হবে ১২ অগাস্ট, রাত ৯টা ৪ মিনিটে। সূর্যগ্রহণ শেষ হবে ১৩ অগাস্ট ভোর ৪টে ২৫ মিনিটে। অর্থাৎ প্রায় সাড়ে ৬ ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। ২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ ছিল, ১৭ ফেব্রুয়ারি, যার স্থায়িত্ব ছিল প্রায় সাড়ে ৪ ঘণ্টা। সেই তুলনায় অগাস্টের গ্রহণ অনেক দীর্ঘ, তার প্রভাব বেশি।
ভারত থেকে দেখা যাবে এই গ্রহণ?
১২ অগাস্টের সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই এই গ্রহণের জন্য কোনও সূতক কাল মান্য হবে না। সাধারণত সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে সূতক শুরু হয়। এই সময়ে যে কোনও শুভ বা ধর্মীয় কাজ করা নিষেধ। যেহেতু এই গ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তাই এমন কোনও বিধিনিষেধও কার্যকর হবে না।
কোথা থেকে দেখা যাবে?
দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ অগাস্ট আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে দেবে, ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলায় অন্ধকার নেমে আসবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া পৃথিবীর ওপর পড়ে। এতে নির্দিষ্ট কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণ আড়াল হতে দেখা যায়। এবারের পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। এসব অঞ্চলে ‘টোটালিটি’ বা সূর্য সম্পূর্ণ আড়াল হওয়ার মুহূর্তে দিনের আকাশ সাময়িকভাবে অন্ধকার হয়ে যাবে। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে যাবে।