
আজকালকার ব্যস্ত জীবনে ফ্ল্যাটের একচিলতে বারান্দা কিংবা ঘরের কোণে একটু সবুজের ছোঁয়া কে না পছন্দ করেন! এই গাছ কেবল বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, মন-মেজাজ শান্ত রেখে চারপাশের পরিবেশকেও করে তোলে সতেজ। তবে জানেন কি, বাস্তু শাস্ত্র মতে কিছু গাছ ঘরে পজিটিভ এনার্জি আর লক্ষ্মীর কৃপা টেনে আনতে জাদুর মতো কাজ করে? আর সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছে আমাদের অতি পরিচিত ‘মানি প্ল্যান্ট’। বাস্তুবিদদের মতে, সঠিক নিয়ম মেনে এবং সঠিক দিকে এই গাছ রাখতে পারলে ঘরের যাবতীয় আর্থিক অনটন বা অর্থাভাব এক নিমেষে কেটে যেতে পারে।
পজিটিভ এনার্জির খনি
বাস্তু শাস্ত্র বলছে, একটি সতেজ এবং সবুজ মানি প্ল্যান্ট হলো সুখ, শান্তি ও ঘরে অর্থ প্রবাহের আসল প্রতীক। লোকবিশ্বাস রয়েছে, যে বাড়িতে মানি প্ল্যান্ট যত সুন্দর ও তরতাজা হয়ে বেড়ে ওঠে, সেখানে নাকি আজেবাজে বা অযথা খরচের বহর অনেকটাই কমে যায়। ফলে ধীরে ধীরে পরিবারের আর্থিক স্থিতি মজবুত হতে শুরু করে।
টবের মাটিতে দিন সামান্য দুধ
মানি প্ল্যান্টের দ্রুত বৃদ্ধি এবং ঘরে লক্ষ্মীর কৃপা ধরে রাখতে এক অদ্ভুত টোটকা রয়েছে বাস্তুতে। গাছের টবের মাটিতে সামান্য পরিমাণ কাঁচা দুধ জলের সঙ্গে মিশিয়ে দিন। সনাতন ধর্মে দুধকে সাত্ত্বিকতার প্রতীক বলে মনে করা হয়। এই উপায়ে গাছ যেমন হু হু করে বাড়ে, তেমনই ঘরে আর্থিক স্থায়িত্ব বজায় থাকে। এমনকি মাথার ওপর থাকা ঋণের বোঝাও নাকি আস্তে আস্তে হালকা হতে শুরু করে।
চিনির ম্যাজিক
গাছের গোড়ায় সামান্য চিনি দিলে কী হয় জানা আছে? মাটিতে অল্প চিনি দিলে মানি প্ল্যান্ট যেমন আরও সতেজ ও সবুজ হয়ে ওঠে, তেমনই বাস্তু মতে এর সুদূরপ্রসারী শুভ ফল রয়েছে। চিনি ঘরে সম্পর্কের মিষ্টতা বাড়ায় এবং অর্থবৃদ্ধির ইঙ্গিত দেয়। এই ছোট্ট ঘরোয়া পদ্ধতিটি আপনার অজান্তে হওয়া অর্থহানি রুখে দেয় এবং চারপাশের নেতিবাচক প্রভাব বা নজর দোষ কাটাতে সাহায্য করে।
ডালে লাল সুতো বাঁধলে কী হয়?
শুনতে অবাক লাগলেও, মানি প্ল্যান্টের ডালে বা টবের গায়ে একটি লাল সুতো বেঁধে রাখলে গাছের শুভ শক্তি বহুগুণ বেড়ে যায় বলে বিশ্বাস। এর ফলে নাকি ঘরে আয়ের নতুন নতুন উৎস তৈরি হয়, অর্থের স্থায়ী প্রবাহ বজায় থাকে এবং বাড়ির সদস্যদের ভেতরের মানসিক অস্থিরতা বা স্ট্রেস অনেকটাই কমে।
পাশে রাখুন সাদা পুঁতি বা ক্রিস্টাল
মানি প্ল্যান্টের ঠিক পাশটিতে কয়েকটি ছোট ছোট সাদা পুঁতি কিংবা ক্রিস্টাল রেখে দিন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ক্রিস্টাল বা সাদা পুঁতি গাছের ভেতরের সুপ্ত পজিটিভ এনার্জিকে নিমেষের মধ্যে অ্যাক্টিভেট বা সক্রিয় করে তোলে। ফলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ দ্বিগুণ গতিতে বাড়তে থাকে।
কোন দিকে রাখবেন এই গাছ?
মানি প্ল্যান্ট এনে ঘরের যেখানে-সেখানে বসিয়ে দিলেই কিন্তু কাজ হবে না! বাস্তু মতে, এই গাছ রাখার জন্য সবচেয়ে শুভ দিক হলো উত্তর বা পূর্ব দিক। কারণ শাস্ত্র অনুযায়ী এই দিকগুলো ধন ও সমৃদ্ধির দেবতা এবং পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত। তাই এই নির্দিষ্ট কোণে গাছটি রাখলেই সবচেয়ে সেরা ফল হাতেনাতে মিলবে।