
Vastu Tips Luck Turning Flower: সনাতন ধর্মে গাছপালার গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয়, প্রকৃতির প্রতিটি কোণেই লুকিয়ে থাকেন দেব-দেবীরা। কেউ তুলসী তলায় প্রদীপ জ্বালান, কেউ আবার ভক্তিভরে জল ঢালেন বট-অশ্বত্থের মূলে। তবে আজকের ব্যস্ত জীবনে অনেকেরই নজর এড়িয়ে যায় পথের ধারে ফুটে থাকা অবহেলিত আকন্দ ফুল। অথচ শাস্ত্র বলছে, এই আকন্দেই বাস করেন স্বয়ং বিঘ্নহর্তা গণেশ। আবার দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল। জ্যোতিষশাস্ত্রে আকন্দ ফুল ও গাছের এমন কিছু অব্যর্থ প্রতিকারের কথা বলা হয়েছে, যা মেনে চললে সাংসারিক অশান্তি থেকে রোগব্যাধি। মুক্তি মিলতে পারে নিমেষেই।
রোগমুক্তির পথ
শরীরে কি দীর্ঘদিনের রোগ বাসা বেঁধেছে? চিকিৎসায় মিলছে না সুরাহা? তবে শাস্ত্রের বিধান মেনে সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন ১১টি সাদা আকন্দ ফুল। বিশ্বাস করা হয়, ভোলানাথের আশীর্বাদে এতে পুরনো ব্যাধি থেকে মুক্তি মেলে এবং শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।
বুধের কোপ ও বাধার বিনাশ
যাঁদের কুণ্ডলীতে বুধ গ্রহ অশুভ ফল দিচ্ছে, তাঁরা বুধবার শ্রীগণেশকে ৫টি সাদা আকন্দ ফুল ও মোদক নিবেদন করুন। এতে গ্রহের কু-প্রভাব যেমন কাটবে, তেমনই বুদ্ধির বিকাশ ঘটবে। অন্যদিকে, যদি কঠোর পরিশ্রমের পরেও ভাগ্যের শিঁকে না ছেঁড়ে কিংবা মানসিক চাপে জেরবার হন, তবে মঙ্গলবার বজরংবলীর চরণে নিবেদন করুন ১১টি আকন্দ ফুল। জীবনের সমস্ত জট খুলে যাবে সহজেই।
ঘরে আসবে সুখ-সমৃদ্ধি
বাড়িতে কি সবসময় একটা নেতিবাচক ভাব অনুভব করেন? তবে আঙিনায় আজই একটি সাদা আকন্দ গাছ লাগান। শাস্ত্র মতে, এই গাছ বাড়িতে থাকলে কোনো অশুভ শক্তি চৌকাঠ পেরোতে পারে না। এছাড়া রবিপুষ্য নক্ষত্র তিথিতে সাদা আকন্দের মূল লাল কাপড়ে মুড়িয়ে আলমারিতে বা ঠাকুরঘরে রাখলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
লক্ষ্মীলাভের বিশেষ উপায়
আকন্দ ফল পেকে গেলে তার ভিতর থেকে যে তুলো বের হয়, তা দিয়ে সলতে তৈরি করুন। সেই সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে। কথিত আছে, এতে ধনের দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সংশ্লিষ্ট ব্যক্তির ঘরে কখনও অর্থের অভাব হয় না। সরকারি দফতরের বড় কাজ হোক বা ব্যক্তিগত উন্নতি, সঠিক উপায়ে এই ফুলের ব্যবহারে বদলে যেতে পারে আপনার জীবন।