Advertisement

Tarapith Temple: কৌশিকী অমাবস্যায় আর ছোঁয়া যাবে না মা তারাকে, তাহলে কীভাবে দর্শন? জানুন নিয়ম

শ্রাবণের শেষ সোমবার তারাপীঠের হোটেল অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৯ পূণ্যার্থীর। এই ঘটনার পরেই চরম পদক্ষেপ নিয়েছিল বীরভূম জেলা প্রশাসন। নিরাপত্তার কারণে ১৫টি হোটেল অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সামনেই কৌশিকী অমাবস্যা। এই সময়ে প্রচুর ভক্তের আগমন হয় মন্দিরে। তার আগেই ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ নিল তারাপীঠ মন্দির কমিটি।

মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলারাদের জন্যও মন্দিরে ‘নো এন্ট্রি’মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলারাদের জন্যও মন্দিরে ‘নো এন্ট্রি’
Aajtak Bangla
  • তারাপীঠ,
  • 26 Aug 2026,
  • अपडेटेड 2:37 PM IST

শ্রাবণের শেষ সোমবার তারাপীঠের হোটেল অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৯ পূণ্যার্থীর। এই ঘটনার পরেই চরম পদক্ষেপ নিয়েছিল  বীরভূম জেলা প্রশাসন। নিরাপত্তার কারণে  ১৫টি হোটেল অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সামনেই কৌশিকী অমাবস্যা। এই সময়ে প্রচুর ভক্তের আগমন হয় মন্দিরে। তার আগেই ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ নিল  তারাপীঠ মন্দির কমিটি। 

তারাপীঠের গর্ভগৃহে আর ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা
কৌশিকী অমাবস্যায় ভিড় সামাল দিতে এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। কৌশিকী অমাবস্যার সময় কোনও পুণ্যার্থীকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না। মন্দিরের বাইরের বারান্দায় থাকবে মায়ের চরণ। সেখানেই প্রণাম করে মায়ের দর্শন ও পুজো দিতে পারবেন পুণ্যার্থীরা। মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা কিংবা ভিআইপিদের জন্য সেই নিয়মের কোনও নড়চড় হবে না।

প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত 
প্রসঙ্গত, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রতি বছরই পুণ্যার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। গর্ভগৃহে ঢুকে বিগ্রহ দর্শনের সুযোগ থাকে। তবে এ বছর থেকে সেই নিয়মে বদল আনতে চলেছে মন্দির কমিটি। তারা জানিয়েছে, ভক্তদের ভিড় এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।  রামপুরহাটের রক্তকরবী মঞ্চে কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জেলা প্রশাসন, মন্দির কমিটি, হোটেল মালিক এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান।

মন্দিরের জন্য থাকছে পে লাইন
মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, এবারের কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। সাধারণ লাইনের পাশাপাশি পে লাইন চালু থাকবে। মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য পে লাইনের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনও অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রটোকল লাইনের ব্যবস্থাও থাকবে। স্থানীয় সাধারণ মানুষেরা ৫০০ টাকার ভিআইপি লাইনে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। তাছাড়াও প্রশাসনের কোনও আধিকারিক মা তারার গর্ভগৃহে ঢোকার জন্য যাতে অনুরোধ না করেন এই প্রশাসনিক বৈঠকে তারও আবেদন করেন মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

ভিআইপি সংস্কৃতির দিন শেষ
কৌশিকী অমাবস্যা তিথিতে রেকর্ড ভিড় হয় তারাপীঠ মন্দিরে। বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তদের ভিড়ে উপচে পড়ে তারাপীঠ। মন্দিরে মা-কে দর্শন করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাঁদের। তবে ব্যতিক্রম ছিলেন মন্ত্রী-আমলারা। সেই ভিড় এড়িয়ে একেবারের মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়তেন তাঁরা। তবে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ‘ভিআইপি সংস্কৃতি’র দিন এবার শেষ। কাউকেই গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। সাধারণ পুণ্যার্থী হোক বা প্রভাবশালী মন্ত্রী-আমলা— সকলের জন্য একই নীতি কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। এবছর ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। তারাপীঠ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হবে বলেই আশা করা হচ্ছে। তবে এবর কৌশিকী অমাবস্যায় মায়ের মূর্তিকে স্পর্শ করা তো দূর, গর্ভগৃহে পা গলানোর অনুমতি দেওয়া হবে না কাউকেই। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠের নতুন মন্দির কমিটি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গর্ভগৃহের বাইরে অর্থাৎ নাটমন্দিরের বারান্দা থেকে অন্তত ৫ ফুট দূর থেকেই দর্শন সারতে হবে সকলকে।

কবে কৌশিকী অমাবস্যা?
পঞ্জিকা অনুসারে, চলতি বছর ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সে দিন সকাল ১০টা ১১ মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। তা থাকবে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত। তবে, প্রতি বছরের মতো, তার আগের দিন থেকেই বিপুল পুণ্যার্থী সমাগমের সম্ভাবনা তারাপীঠে। সেই কারণে এখন থেকেই এই ভিড় সামাল দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ, প্রশাসন এবং মন্দির কমিটি। মন্দির চত্বর থেকে শুরু করে রাস্তাঘাট, পার্কিং এলাকা, ভিড় নিয়ন্ত্রণ এবং পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত একাধিক বিষয়কে সামনে রেখে প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে হচ্ছে। বিপুল ভিড়ের মধ্যে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হবে তারাপীঠ এলাকায়।

কৌশিকী অমাবস্যায় কী কী নয়া নিয়ম জারি হচ্ছে তারাপীঠ মন্দিরে?

  • গর্ভগৃহে সর্বসাধারণের প্রবেশ নিষেধ: মা তারার গর্ভগৃহে কোনও ভক্তই ঢুকতে পারবেন না। ওই দিন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না মন্ত্রী, নেতা, আমলাদেরকেও।
  • দূর থেকেই দর্শন ও চরণস্পর্শ: গর্ভগৃহের বাইরে বারান্দা থেকেই ৫ ফুট দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে হবে। তবে পুণ্যার্থীদের আবেগের কথাকে মাথায় রেখে মায়ের ধাতব চরণযুগল গর্ভগৃহের বাইরে বারান্দায় রাখা থাকবে। সেখানেই ভক্তরা চরণস্পর্শ করার সুযোগ পাবেন।
  • নির্দিষ্ট লাইনে নজরদারি: পুণ্যার্থীদের সুবিধার জন্য দু’টি লাইন থাকবে। একটি সাধারণ এবং অন্যটি বিশেষ লাইন।
  • ভিআইপি পাসে লাগাম: অতীতে বিশেষ লাইনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠলেও, এ বার সেই পথ বন্ধ। বিশেষ লাইনের জন্য নির্দিষ্ট করা হয়েছে মাথাপিছু ৫০০ টাকার কুপন। তবে সাধারণ লাইনে দর্শনের জন্য কোনও প্রবেশমূল্য লাগবে না।

শুধু মন্দির নয়, কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে গোটা তারাপীঠ এলাকাতেই নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা এবং হোটেল-লজে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশাসনিক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দফতরকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বড় সংখ্যক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। ফলে এবারের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে দর্শনের ক্ষেত্রে নিয়ম-কানুন আরও কড়া হওয়ায় ভক্তদের কীভাবে তা মেনে চলতে হয়, তা নিয়েও প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement