
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বহু মানুষ। আরও স্পষ্ট করে বললে চলতি সপ্তাহেই মাঝ আকাশে ঘটতে চলেছে এই বিশেষ ঘটনা। তবে অনেকেই গুলিয়ে ফেলছেন আসলে কবে সূর্যগ্রহণ। কেউ বলছেন বছরের প্রথম সূর্যগ্রহণ আজ, সোমবার। আবার কেউ বলছেন, সূর্যগ্রহণ পড়েছে মঙ্গলবার। আসলে কত তারিখ সূর্যে গ্রহণ লাগবে, তা জেনে নেওয়া যাক
বছরের প্রথম সূর্যগ্রহণ কখন ঘটবে?
২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণ শুরু হবে বিকেল ৩টে বেজে ২৬ মিনিটে। আনুমানিক সন্ধ্যা ৭টা বেজে ৫৭ মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে। গ্রহণের মধ্যবর্তী পর্যায় হবে বিকেল ৫:৪২ মিনিটে। এর অর্থ হল গ্রহণ চলবে প্রায় ৪ ঘন্টা ৩২ মিনিট।
ভারত থেকে কী এই গ্রহণ দেখা যাবে?
অনেক দেশে এটি আংশিক বা বলয় আকারে দেখা যাবে এই সূর্যগ্রহণ। তবে সেই তালিকায় ভারত নেই। এই সূর্যগ্রহণ ভারতের কোনও জায়গা থেকে দেখা যাবে না। মূলত অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার কিছু অঞ্চলে সূর্যোদয়ের সময় আংশিক ভাবে এই গ্রহণ দেখা যেতে পারে।
এই সূর্যগ্রহণের বিশেষত্ব কী?
এই সূর্যগ্রহণ আসলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যা সাধারণত 'রিং অফ ফায়ার' নামেও পরিচিত। এই গ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে দিয়ে যায়। কিন্তু এরফলে সূর্য সম্পূর্ণ রূপে ঢাকা পড়ে না, বরং চারপাশে কিছুটা ফাঁকা অংশ থাকে। যার জেরে সূর্যের চারপাশে আগুনের মতো একটি বলয় দেখা যায়। যা 'রিং অফ ফায়ার' নামে পরিচিত। এই দৃশ্য মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। ফলে অনেকেই এমন সূর্যগ্রহণকে বিশেষ গুরুত্বের নজরে দেখেন।
২০২৬ সালে মোট ক'টি গ্রহণ হবে?
তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মোট চারটি গ্রহণের সম্ভাবনা রয়েছে। দু'টি সূর্যগ্রহণ এবং দু'টি চন্দ্রগ্রহণ। এর মধ্যে প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি।