
বাড়ি সবুজে ভরিয়ে তুলতে অনেকেই নানা ধরনের গাছ লাগান। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাস্তু শাস্ত্রেও কয়েকটি গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, নির্দিষ্ট দিক ও সঠিক জায়গায় গাছ রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে ঘরে। বাড়ে সুখ আর সমৃদ্ধি। কিছু গাছকে আবার অর্থও টেনে আনে। জেনে নিন, এমনই ৫টি গাছের কথা।
জেড প্ল্যান্ট: বাস্তু মতে, জেড প্ল্যান্ট উন্নতি এবং সমৃদ্ধির প্রতীক। এর মোটা, কয়েনের মতো পাতা অর্থ ও আর্থিক উন্নতির সঙ্গে যুক্ত। বাড়ি বা অফিসের এমন জায়গায় এই গাছ রাখতে পারেন, যেখানে পর্যাপ্ত আলো আসে। বাস্তু অনুযায়ী, চাকরি এবং ব্যবসায় ইতিবাচক ফল পাবেন।
কলাগাছ: কলাগাছের ধর্মীয় গুরুত্বও যথেষ্ট। বাস্তু এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়ির উত্তর দিকে কলাগাছ রাখা শুভ। বৃহস্পতিবার কলাগাছের পুজো এবং প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। কলাগাছ থাকলে বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে সমৃদ্ধি আসে।
মানি প্ল্যান্ট: মানি প্ল্যান্টের নামের মধ্যেই রয়েছে অর্থ। বাস্তু বিশ্বাসে এই গাছকে আর্থিক উন্নতি এবং অর্থের প্রবাহের প্রতীক বলে মনে করা হয়। বাস্তু মতে, বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ। উত্তর দিকও এই গাছ রাখতে পারেন।
মানি প্ল্যান্টের লতাকে শুকিয়ে যেতে দেবেন না। নিয়মিত যত্ন নেওয়া জরুরি। গাছের শুকনো, হলুদ বা বিবর্ণ পাতাগুলিও সময়মতো ছেঁটে ফেলা উচিত।
তুলসী গাছ: ভারতীয় বাড়িতে ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তু মতে, বাড়িতে স্বাস্থ্যকর তুলসী গাছ থাকলে ইতিবাচক শ্ক্তি আসে। এমন জায়গায় তুলসী রাখা উচিত, যেখানে পর্যাপ্ত রোদ ও বাতাস পৌঁছয়। গাছটি যাতে বার বার শুকিয়ে না যায়, সেজন্য জল এবং আলোর মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন।
লাকি ব্যাম্বু: লাকি ব্যাম্বু সৌভাগ্য, উন্নতি এবং সমৃদ্ধির প্রতীক। বাড়ির ভিতরেও এই গাছ রাখা যায়। পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে লাকি ব্যাম্বু রাখা শুভ।
গাছ রাখার সময় যা মাথায় রাখবেন
বাস্তু বিশ্বাস অনুযায়ী, বাড়ির জন্য গাছ বাছাই করার পাশাপাশি কোথায় রাখা হচ্ছে এবং কীভাবে তার যত্ন নেওয়া হচ্ছে, সে দিকেও নজর দেওয়া জরুরি। শুকনো, মরা বা অসুস্থ গাছ বাড়িতে না রাখাই ভাল। কাঁটাযুক্ত গাছও রাখবেন না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গাছকে শুধুমাত্র অর্থপ্রাপ্তির উপায় হিসেবে না দেখে বাড়ির সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিবেশের জন্য লাগানো উচিত। পর্যাপ্ত আলো, জল এবং সঠিক যত্ন পেলে গাছপালা বাড়ির সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনই পরিবেশকে আরও মনোরম করে তোলে।