
Vastu Tips: সংসারে সুখ-শান্তি আর শ্রীবৃদ্ধি বজায় রাখতে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। অনেক সময় হাড়ভাঙা খাটুনির পরেও হাতে টাকা থাকে না, খরচের বহর আয়ের চেয়ে বেড়ে যায়। বাস্তুবিদদের মতে, এর অন্যতম কারণ হতে পারে ভুল দিকে অর্থ বা মূল্যবান গয়না রাখা। বাস্তুর নিয়ম মেনে সঠিক দিকে ধনসম্পদ রাখলে যেমন লক্ষ্মীলাভ হয়, তেমনই ভুল দিকে রাখলে ঋণের দায়ে ডুবে যেতে পারে গৃহস্থ। তাই লক্ষ্মী ফেরাতে জেনে নিন ঘরের কোন দিকটি আপনার আলমারি বা সিন্দুকের জন্য আদর্শ।
এদিকেই আসুক সম্পদ
শাস্ত্র মতে, উত্তর দিক হলো ধনপতি কুবেরের বাসভূমি। তাই বাড়ির উত্তর দিকে টাকা বা গয়না রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিকে ধনসম্পদ রাখলে তা ক্রমশ বৃদ্ধি পায় এবং সংসারে অভাবের ছায়া পড়ে না। বিশ্বাস করা হয়, উত্তর দিকে আলমারি রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে এবং আয়ের নতুন নতুন পথ খুলে যায়। যারা সঞ্চয় বাড়াতে চাইছেন, তাঁদের জন্য উত্তর দিকই সেরা।
সাবধান, এই দিকে টাকা রাখলেই বিপদ
বাড়ির সব দিক কিন্তু অর্থ সঞ্চয়ের জন্য সমান নয়। বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ বা আগ্নেয় কোণে ভুলেও টাকা রাখবেন না। এই কোণে অর্থ রাখলে আয়ের চেয়ে ব্যয় বহুগুণ বেড়ে যায় এবং পরিবারের আর্থিক ভিত দুর্বল হয়ে পড়ে। এমনকি গৃহকর্তা ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন।
একইভাবে বাড়ির পশ্চিম দিকটিও অর্থ রাখার জন্য অশুভ। মনে করা হয়, পশ্চিম দিকে টাকা বা গয়না রাখলে সঞ্চয়ে টান পড়ে। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও টাকা জমাতে পারেন না। ফলে সুখের সংসারে নেমে আসে অশান্তি। তাই আর্থিক সচ্ছলতা বজায় রাখতে আজই বাস্তু মেনে সিন্দুক বা আলমারির জায়গা পরীক্ষা করে নিন।