
রবিবার ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। শারদ পূর্ণিমায় হওয়া এই পুজো কোজাগরী লক্ষ্মীপুজো নামে পরিচিত। মা লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। সে ঐশ্বর্য বস্তুগত অর্থাৎ ধনসম্পত্তি হোক বা অন্তরের শ্রী— সব কিছুরই অধিষ্ঠাত্রী তিনি। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা। বাংলার ঘরে ঘরে আলপনা, প্রদীপ, লক্ষ্মীর পাঁচালি পাঠ এবং নানা ধরনের নৈবেদ্য সাজিয়ে চলে পুজোর প্রস্তুতি। এই কোজাগরী শব্দটির অর্থ হল— কে জেগে আছ? আসুন জেনে নিন কখন পুজোর সময়।
প্রাচীন বিশ্বাস অনুযায়ী, দেবী এই দিন ঘরে ঘরে গিয়ে ভক্তকে দর্শন দেন। তাদের ঘরে শ্রীবৃদ্ধি করে আসেন। তাই ঘরের দরজা খুলে রেখে দেবীর আসার অপেক্ষায় জেগে থাকতে হয়। তাই এই লক্ষ্মীপুজো তাই কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন এবং যাঁরা রাতে জেগে থেকে তাঁর আরাধনা করেন, তাঁদের আশীর্বাদ করেন।
কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬ কবে?
২০২৬ সালে কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ২৫ অক্টোবর, রবিবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী, দিনটি ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। শারদ পূর্ণিমা নামেও পরিচিত এই তিথি বাঙালি হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্য আসে। কৃষিনির্ভর বাংলায় এই উৎসবের সঙ্গে নতুন ফসল, ধান এবং শস্যের প্রাচুর্যেরও সম্পর্ক রয়েছে।
কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা পড়ছে ২৫ অক্টোবর ২০২৬, রবিবার সকাল ১১:৫৫ মিনিটে। পূর্ণিমা ছেড়ে যাবে ২৬ অক্টোবর ২০২৬, সোমবার সকাল ৯:৪১ মিনিটে। ২৫শে অক্টোবর ২০২৬ (বাংলা ৭ কার্তিক) সারা দিনই পূর্ণিমা থাকছে। ২৬ অক্টোবর(৮ কার্তিক) সকালবেলা ছেড়ে যাচ্ছে। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, আর একটু আগে অর্থাৎ ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৭ মিনিটে পূর্ণিমা পড়ছে। ২৬ তারিখ ৯:৪৭ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। কোজাগরী লক্ষ্মীপুজোর কিংবদন্তি মতে পুজো সন্ধ্যাকালের পরেই শুরু হয়। তবেই না অন্ধকার ঘরে আপনার অপেক্ষা দেখে মা এসে ঘর আলো করে দেবেন!
সন্ধাকালের পুজোর সময়
সন্ধ্যাকালই এ পুজোর সবচেয়ে শুভ সময়। এবং সায়ং অর্থাৎ প্রদোষ কালের পুজোর আদর্শ সময় শুরু হচ্ছে রবিবার অপরাহ্ন ৫:৩১ মিনিট থেকে সূর্যাস্ত গতে সমস্ত সায়ং কাল। প্রসঙ্গত, বলে রাখা দরকার এই দিন সূর্যাস্ত হচ্ছে অপরাহ্ন ৫:০২ মিনিটে। নিশীথ কাল মানে মধ্যরাতের পুজোর সময় রাত ১০:৫৬ মিনিট থেকে ১১:৪৬ মিনিট অর্থাৎ ৫০ মিনিট। সব কিছু বিচার করে ২৫ তারিখ সন্ধ্যায় পুজো সেরে নেওয়া ভাল। তবেই তো দেবীর আশীর্বাদ পাবেন!