
কর্মীদের স্যালারি দেওয়ার নিয়মে বড়সড় বদল আনল একটি আইটি কোম্পানি। নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত কর্মীর বেতন বাড়বে, তার অর্ধেক বা ৫০ শতাংশ হবে বেসিক স্যালারি। বাকি ৫০ শতাংশ এককালীন নগদে দেওয়া হবে। জুন মাসে স্যালারি রিভিউয়ের পর এই নয়া বেতন ব্যবস্থা চালু হতে চলেছে। ভারত মিলিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সংস্থার প্রায় সাড়ে তিন লক্ষ কর্মী এই ব্যবস্থার আওতায় আসতে চলেছেন।
আইটি সংস্থা অ্যাকেঞ্চারের নতুন নিয়ম অনুযায়ী, কোনও কর্মীর বেতন বাড়লে তার ৫০ শতাংশ বেসিক বেতনের সঙ্গে যোগ হবে। বাকি ৫০ শতাংশ পাবেন এককালীন অর্থ। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও কর্মীর ৩ শতাংশ বেতন বৃদ্ধি পেল। এর মধ্যে ১.৫ শতাংশ যোগ হবে বেসিক স্যালারিতে। আর বাকি ১.৫ শতাংশ টাকা তিনি পাবেন জুন মাসের স্যালারি বা পে-আউটের সঙ্গে এক লপ্তে।
সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনের খবর, অভ্যন্তরীণ এক বিজ্ঞপ্তিতে সংস্থার তরফ থেকে জানান হয়েছে, বেসিক স্যালারির বাড়ানোর পাশাপাশি এককালীন কিছু নগদ অর্থ তুলে দেওয়ার সুবিধা যাতে আরও বেশি সংখ্যক কর্মীর কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। গত বছর যে সমস্ত কর্মীদের পদে কোনও রদবদল বা পদোন্নতি হয়নি, তাঁদের বেতন বৃদ্ধি ছিল অত্যন্ত কম। কিন্তু চলতি বছর মোট ইনক্রিমেন্টের টাকাকে মূল বেতন ও এককালীন অর্থের মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে আগের চেয়ে অনেক বেশি সংখ্যক কর্মীর হাতে বেশি টাকা যায়।
তবে অ্যাকেঞ্চার স্পষ্ট করে দিয়েছে, পদোন্নতি বা প্রোমোশন ভিত্তিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোনও বদল আসছে না। পদোন্নতির কারণে বেতন বাড়লে তা আগের মতোই যুক্ত হবে বেসিক বেতনে। এ ছাড়া এই এককালীন অর্থ, সংস্থার বার্ষিক বোনাসের (যা সাধারণত ডিসেম্বর মাসে হয়ে থাকে) থেকে আলাদা রাখা হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, কর্মীদের দক্ষতা, পারফরম্যান্স এবং আচরণের উপর নির্ভর করেই বেতন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া অব্যাহত থাকবে।