
সময় বদলেছে। তবে টাটার সংস্থার চাকরিপ্রাপ্তির আশ এখনও একই রকম। টাটার অধীনস্থ এয়ার ইন্ডিয়ায় চাকরির জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে গণছুটি নিয়ে চাকরির পরীক্ষা দিতে গিয়েছেন ইন্ডিগো-র কর্মীরা। তার জেরে শনিবার ওই সংস্থাকে একাধিক উড়ান বাতিল করতে হয়েছে।
৭০ বছর পর বিমান পরিষেবার ব্যবসায় ফিরেছে টাটারা। সরকারের কাছ থেকে অধিগ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া। ওই সংস্থাকে ঢেলে সাজাতে চাইছে টাটা। সেজন্য অন্যান্য সংস্থা থেকে কর্মীদের নেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য শনিবার গণছুটি নেন ইন্ডিগো-র কর্মীরা। সেজন্য সংস্থার ৫৫ শতাংশ উড়ান দেরি করেছে। অসামরিক বিমান পরিষেবার ২ জুলাইয়ের পরিসংখ্যান বলছে,৯০০-র বেশি বিমান দেরিতে উড়েছে। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো-র প্রতিদিন ১৬০০ উড়ান চলাচল করে।
শনিবার বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষা নিয়েছে এয়ার ইন্ডিয়া। টাটার সংস্থায় কাজ করার জন্য় ইন্ডিগো কর্মীরা ওই দিন গণছুটি নেন। যার ফলে ধাক্কা খেয়েছে পরিষেবা। ডায়রেক্টর জেনারেল অব সিবিল অ্যাভিয়েশন অরুণ কুমার জানান,'এ বিষয়ে ইন্ডিগোর কাছে জবাবদিহি তলব করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।'
শনিবার বিভিন্ন বিমান সংস্থার অন-টাইম পারফরম্যান্স ছিল- এয়ার এশিয়া ইন্ডিয়া ৯৮.৩ শতাংশ, গোফার্স্ট ৮৮ শতাংশ, বিস্তারা ৮৫.৩ শতাংশ, স্পাইসজেট ৮০.৪ শতাংশ এবং এয়ার ইন্ডিয়া ৭৭.১ শতাংশ। এর মধ্যে শেষে ইন্ডিগো। সংস্থার ওটিপি ৪৫.২ শতাংশ।