
ডাবল ইঞ্জিন সরকারের শিল্পের গতিতে কাঁপছে বাংলা। এবার পুরুলিয়ায় হচ্ছে বিপুল পরিমাণের বিনিয়োগ। কোনও অদূর ভবিষ্যৎ নয়। আগামী সপ্তাহেই পুরুলিয়ায় এই প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে। অমিত মেটালিকস লিমিটেড ৪০০০ কোটি টাকা বিনিয়োগে ইস্পাত উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে পুরুলিয়ার রঘুনাথপুরে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৭ অগাস্ট এই প্রকল্পের শিলান্যাস করা হবে। শিলান্যাস অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
নতুন এই শিল্প কারখানা গড়ে উঠলে শুধু যে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে তাই নয়, পুরুলিয়ার আর্থিক মানচিত্রেও আসবে বিরাট বদল। এই ইস্পাত উৎপাদন কারখানা গড়ে উঠলে তার সহযোগী হিসেবে একাধিক অনুসারী শিল্প গড়ে উঠতে পারে রঘুনাথপুরে। ফলে ওই এলাকার ভোল বদলে যেতে পারে।
পাশাপাশি কোম্পানির দাবি, তাদের কারখানায় ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। ফলে রঘুনাথপুর তো বটেই, পুরুলিয়া এমনকী তার সংলগ্ন জেলাগুলির তরুণেরাও এরফলে ব্যাপক ভাবে লাভবান হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে, সরাসরি কাজের পাশাপাশি পরোক্ষভাবে নির্মাণ, পরিবহন, লজিস্টিকস ও স্থানীয় ছোট শিল্পক্ষেত্রের মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থানের দরজা খুলে যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্রের দাবি, নতুন কারখানায় ইন্টিগ্রেটেড স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্প উৎপাদনের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।
১৭ অগাস্ট শিলান্যাস অনুষ্ঠান
আগামী সোমবার ১৭ অগাস্ট কোম্পানির কারখানার শিলান্যাসে হাজির থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও, কোম্পানির কর্ণধার অমিত কুমার সিং ও অন্য সরকারি উচ্চ পদস্থ অফিসাররা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। এই অনুষ্ঠানটিকে পশ্চিমবঙ্গে বৃহৎ শিল্প বিনিয়োগ এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার বাইপাস সংলগ্ন একাধিক এলাকায় এই শিল্প বিনিয়োগের পোস্টারও পড়ে গিয়েছে।