Advertisement

Amul Milk: বছরে দু'বার বাড়ল দুধের দাম! আমুল-মাদার ডেয়ারির সিদ্ধান্তের কারণ কী?

সকালের চা থেকে শিশুর খাবার, দুধের ব্যবহার প্রায় প্রতিটি বাড়িতেই। অথচ সেই দুধ কিনতেই এ বার বেশি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।

এত ঘন ঘন দাম বাড়ছে কেন?এত ঘন ঘন দাম বাড়ছে কেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 7:22 PM IST
  • চলতি বছরে ছ’মাসের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়াল আমুল।
  • এত ঘন ঘন দাম বাড়ছে কেন?

সকালের চা থেকে শিশুর খাবার, দুধের ব্যবহার প্রায় প্রতিটি বাড়িতেই। অথচ সেই দুধ কিনতেই এ বার বেশি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। চলতি বছরে ছ’মাসের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়াল আমুল। মাদার ডেয়ারিও একই পথে হেঁটেছে। ১২ নভেম্বর থেকে আমুলের প্যাকেট দুধের দাম লিটারপিছু ২ থেকে ৪ টাকা বেড়েছে। মাদার ডেয়ারির ক্ষেত্রেও দিল্লি-এনসিআর এলাকায় দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। ফলে প্রশ্ন উঠছে, এত ঘন ঘন দাম বাড়ছে কেন?

দুগ্ধ সংস্থাগুলির বক্তব্য, উৎপাদন ও প্রক্রিয়াকরণের খরচ বেড়েছে। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, সবুজ ও শুকনো পশুখাদ্য, খোল, ভুট্টা এবং গুড়ের মতো উপাদানের দাম বেড়েছে। গত সেপ্টেম্বর পশুখাদ্যের খরচ আগের বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বেশি ছিল। তার উপর প্যাকেটের প্লাস্টিক, জ্বালানি ও পরিবহণের খরচও বেড়েছে। কম ও অনিয়মিত বৃষ্টির কারণে অনেক জায়গায় গোখাদ্যের জোগান কমেছে। এল নিনোর প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

চাপ শুধু সংস্থার উপর নয়, দুধ উৎপাদকদের উপরেও। কৃষকদের কাছ থেকে দুধ কেনার দাম বাড়াতে হয়েছে। আমুলের দাবি, গত এক বছরে তাদের সমবায়গুলিতে দুধের সংগ্রহমূল্য ৪ থেকে ৫ শতাংশ বেড়েছে। ক্রেতাদের কাছ থেকে পাওয়া আয়ের প্রায় ৮০ শতাংশই ৩৬ লক্ষ দুধ উৎপাদককে ফিরিয়ে দেওয়া হয়। ফলে খামারিদের ন্যায্য দাম দিতে খুচরো দাম বাড়ানো হয়েছে বলে সংস্থার যুক্তি।

তবে এ বার শীতের শুরুতেও স্বস্তির আশা কম। সাধারণত শীতকাল দুধ উৎপাদনের ভরা মরসুম। তখন জোগান বাড়লে দাম স্থিতিশীল হওয়ার কথা। কিন্তু এ বার সেই বাড়তি জোগান মিলছে না। পশুখাদ্যের খরচ, জ্বালানি এবং দুধের চাহিদার ভারসাম্যহীনতা পরিস্থিতি কঠিন করেছে।

দুধের দাম বাড়লে তার প্রভাব শুধু চায়ের কাপে থামে না। মিষ্টি, দই, পনির, মাখন ও ঘিয়ের দামেও চাপ পড়তে পারে। ফলে বাড়ির মাসিক খরচ আরও বাড়ার আশঙ্কা। বিশেষত কম আয়ের পরিবারগুলির পুষ্টির বাজেটে এই বৃদ্ধি বড় ধাক্কা দিতে পারে।

Advertisement

এর আগেই ২ নভেম্বর থেকে আমুলের ৫০০ গ্রামের মাখনের প্যাকেট ১৫ টাকা এবং ঘিয়ের দাম বেড়েছিল। কর্নাটকে নন্দিনী দুধের দাম লিটারপিছু ৮ টাকা বাড়িয়েছে। সেপ্টেম্বর মাসে দেশে খাদ্য মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৭৪ শতাংশ। তার মধ্যে দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তের সংসারে বাড়তি চাপ তৈরি হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement