
আপনি কি আয়কর সংক্রান্ত কাজগুলো ফেলে রেখেছেন? তাহলে জুলাই মাসেই সেগুলো গুছিয়ে নিতে হবে। কারণ, আয়কর রিটার্ন জমা দেওয়া থেকে শুরু করে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস জমা দেওয়া পর্যন্ত, আগামী কয়েক সপ্তাহে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডেডলাইন রয়েছে। এই নির্ধারিত সময়সীমা মিস করলে জরিমানা, বাড়তি সুদ কিংবা অহেতুক ঝামেলার মুখে পড়তে হতে পারে। তাই সাবধান হন। চলুন দেখে নেওয়া যাক জুলাই ২০২৬-এর তিনটি গুরুত্বপূর্ণ কর সংক্রান্ত ডেডলাইন।
TDS জমা দেওয়ার শেষ তারিখ কী?
টিডিএস জমা দেওয়ার প্রথম গুরুত্বপূর্ণ সময়সীমা হল ৭ জুলাই। আয়কর আইন, ২০২৫-এর অধীনে যেসব ক্ষেত্রে অ্যাসেসিং অফিসার কোয়ার্টারের TDS জমা দেওয়ার অনুমোদন দিয়েছেন, সেসব ক্ষেত্রে এপ্রিল-জুন ত্রৈমাসিকের TDS জমা দেওয়ার শেষ দিন ৭ জুলাই।
এছাড়াও জুন ২০২৬-এ শেষ হওয়া ত্রৈমাসিকে নির্দিষ্ট ডিক্লিয়ারেশন এবং নির্ধারিত ফর্ম আপলোড করার ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য।
এর পাশাপাশি, সরকারি দফতর, স্টক এক্সচেঞ্জ, অনুমোদিত ডিলার, IFSC ইউনিট এবং অনাবাসী বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত বিভিন্ন মধ্যস্থতাকারীর জন্যও জুলাইয়ের মাঝামাঝি সময়ে একাধিক রিপোর্টিং সংক্রান্ত বাধ্যবাধকতা রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
৩০ জুলাই চালান-কাম-স্টেটমেন্ট জমা দেওয়ার শেষ দিন
যাঁরা TDS কেটে থাকেন, তাঁদের জুন ২০২৬-এর TDS-এর হিসেব ৩০ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। সময় মতো এটা জমা দিলে জরিমানা এড়ানো যাবে। নইলে জরিমানা দিতে হবে। আর সেটা নিশ্চয়ই অনেকে চাইবেন না।
আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ কোনটা?
জুলাই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর সংক্রান্ত ডেডলাইন হল ৩১ জুলাই। আর্থিক বর্ষ ২০২৫-২৬ (অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭)-এর জন্য ITR-1 এবং ITR-2 ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন এটি।
যে সব করদাতা নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তাদের দেরিতে রিটার্ন জমা দেওয়ার ফি দিতে হতে পারে।
যদিও আয়কর বিশেষজ্ঞরা সাধারণত শেষ কয়েক দিনের জন্য অপেক্ষা না করার পরামর্শ দেন। কারণ, আয়কর পোর্টালে অতিরিক্ত চাপ বা প্রয়োজনীয় নথির অভাবের কারণে রিটার্ন জমা দিতে দেরি হতে পারে।
মাথায় রাখতে হবে, জুলাই মাসে একাধিক গুরুত্বপূর্ণ কর ও কমপ্লায়েন্স সংক্রান্ত ডেডলাইন রয়েছে। তাই এটি আর্থিক ক্যালেন্ডারের অন্যতম ব্যস্ত সময়। যেই কারণএ আগেভাগে কর সংক্রান্ত কাজ মিটিয়ে নিন। তাতেই ঝামেলা এড়াতে পারবেন।