Advertisement

26 হাজার কোটি টাকা আপনার থেকে উসুল করেছে ব্যাঙ্ক, কেন জানেন?

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না রাখলে জরিমানা করে ব্যাঙ্ক। আর সেই জরিমানা বাবদ বিপুল অর্থ উসুল করেছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি। সেই পরিসংখ্যান দিল কেন্দ্রীয় সরকার।

ন্যূনতম ব্যালেন্স না রাখায় জরিমানা।ন্যূনতম ব্যালেন্স না রাখায় জরিমানা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 9:26 PM IST
  • ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা নেয় ব্যাঙ্ক।
  • কয়েক কোটি টাকা এসেছে ব্যাঙ্কের ভাঁড়ারে।

নির্দিষ্ট ন্যূনতম ব্যালান্স বা Minimum Average Balance না রাখলেই গ্রাহকদের জরিমানা বাবদ মোটা গুনে নেয় ব্যাঙ্ক। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬, এই চার অর্থবর্ষে নূন্যতম ব্যালান্স না রাখার খেসারত হিসাবে ব্যাঙ্কগুলি গ্রাহকদের পকেট থেকে আদায় করেছে মোট ২৬ হাজার ১৭০ কোটি টাকারও বেশি। অতিসম্প্রতি রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। 

বাণিজ্যিক ব্যাঙ্ক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই ধরনের জরিমানা আদায়ের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলি। শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবর্ষেই ন্যূনতম ব্যালেন্স না রাখায় জরিমানা বাবদ ব্যাঙ্কগুলি মোট ৭,০৮৬.৬৩ কোটি টাকা কোষাগারে তুলেছে। এর মধ্যে সিংহভাগই বেসরকারি ব্যাঙ্কগুলির। যার পরিমাণ ৪,৯৪৮.৭১ কোটি টাকা। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ভাঁড়ারে জমা পড়েছে প্রায় ২,১৩৮ কোটি টাকা। অবশ্য কেন্দ্র জানিয়েছে, গত কয়েক বছরে গ্রাহকদের স্বার্থে এই সংক্রান্ত নিয়মে অনেকটাই শিথিল করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।

সবচেয়ে বেশি জরিমানা নিয়েছে কারা?

বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে গ্রাহকদের থেকে সবচেয়ে বেশি টাকা কেটেছে এইচডিএফসি ব্যাঙ্ক। ২০২৫-২৬ অর্থবর্ষে জরিমানা বাবদ আদায় করেছে ১,৭৯৮.১৪ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাক্সিস ব্যাঙ্ক ১,০৮১.৩৩ কোটি টাকা আদায় করেছে। মোটের উপর, ওই বছর বেসরকারি ব্যাঙ্কগুলি যে পরিমাণ জরিমানা পকেটস্থ করেছে, তার প্রায় ৫৮ শতাংশই এই দুই ব্যাঙ্কের।

অন্যান্য প্রধান বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক ৩৫৩.৫০ কোটি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ২৯০.৬৫ কোটি, ইয়েস ব্যাঙ্ক ১৯৫.০৫ কোটি এবং আইডিবিআই ব্যাঙ্ক ১৭৫.১৫ কোটি টাকা জরিমানা হিসাবে আদায় করেছে। আরবিআই জানিয়েছে, ২০২৩ অর্থবর্ষের আগে বেসরকারি ব্যাঙ্কের পর্যাপ্ত তথ্য নেই। ২০২৫-২৬ অর্থবর্ষের এই হিসেব এখনও পর্যন্ত পুরোটা আসেনি। 

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির জরিমানা 

গ্রাহকদের জরিমানা করার তালিকায় পিছিয়ে নেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও। সরকারি ব্যাঙ্কের তালিকায় শীর্ষে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা আদায় করেছে ৪৭৭.২৭ কোটি টাকা। এর পর যথাক্রমে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ৩৯৪.১০ কোটি টাকা এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক ২৯৯.১৭ কোটি টাকা।

Advertisement

বলে রাখা দরকার, এসবিআইয়ের এই অঙ্ক পুরোটাই কারেন্ট অ্যাকাউন্টের। কারণ, ২০২০ সালের মার্চ মাস থেকেই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ব্যালান্স না রাখার ক্ষেত্রে জরিমানা সম্পূর্ণ মকুব করে দিয়েছে এসবিআই। 

Read more!
Advertisement
Advertisement