
ব্যাঙ্কে জরুরি কোনও কাজ রয়েছে? তাহলে বাড়ি থেকে বেরনোর আগে একবার ছুটির তালিকা দেখে নিন। কারণ, এই সপ্তাহে দেশের বিভিন্ন রাজ্য ও শহরে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। কোথাও দীপাবলি ও গোবর্ধন পুজোর ছুটি, কোথাও ভাইফোঁটা, আবার কোথাও স্থানীয় উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর সঙ্গে রয়েছে দ্বিতীয় শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি। ফলে কোনও কোনও শহরে এই সপ্তাহে ৬ দিন পর্যন্ত ব্যাঙ্কের দরজা বন্ধ থাকতে পারে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৯ থেকে ১৫ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন শহরে উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। তবে সব রাজ্য বা শহরে একই দিনে ছুটি নয়। তাই আপনার এলাকার ব্যাঙ্ক কবে বন্ধ এবং কবে খোলা থাকবে, তা জেনে নেওয়া জরুরি।
৯ নভেম্বর, সোমবার: দীপাবলি, লক্ষ্মীপুজো, গোবর্ধন পুজো এবং বিশ্বকর্মা দিবস উপলক্ষে আগরতলা, ভোপাল, চণ্ডীগড়, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, জয়পুর, কানপুর, লখনউ ও রায়পুরের মতো শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ নভেম্বর, মঙ্গলবার: বলি প্রতিপদ, গোবর্ধন পুজো, বিক্রম সংবৎ নববর্ষ এবং লক্ষ্মীপুজো উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
১১ নভেম্বর, বুধবার: ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, নিংগোল চাকৌবা এবং চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনউ ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ নভেম্বর, বৃহস্পতিবার: RBI-র ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই দিন কোনও নির্দিষ্ট আঞ্চলিক বা উৎসবের ছুটি নেই। ফলে দেশের অধিকাংশ জায়গায় ব্যাঙ্কের শাখাগুলি স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য এই দিনটি কাজে লাগাতে পারেন।
১৩ নভেম্বর, শুক্রবার: ওয়াংলা উৎসব উপলক্ষে মেঘালয়ের রাজধানী শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ নভেম্বর, শনিবার: মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সারা দেশেই সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। RBI-র নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের শাখায় ছুটি থাকে।
১৫ নভেম্বর, রবিবার: সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে
উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য অনলাইন পরিষেবা চালু থাকবে। UPI, মোবাইল ব্যাঙ্কিং এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠানো, ব্যালান্স দেখা-সহ একাধিক কাজ করা যাবে। Google Pay ও PhonePe-র মতো UPI অ্যাপও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি, এটিএম থেকে টাকা তোলার পরিষেবাও চালু থাকবে।
তবে চেক জমা, নগদ লেনদেন বা ব্যাঙ্কের শাখায় গিয়ে করতে হয় এমন কোনও কাজ থাকলে ছুটির তালিকা দেখে পরিকল্পনা করুন। মনে রাখবেন, ব্যাঙ্কের ছুটি রাজ্য ও শহরভেদে আলাদা হতে পারে। তাই আপনার এলাকার ব্যাঙ্কের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট শাখা বা ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়াই ভাল।