
প্রতি শনিবার কি বন্ধ থাকবে। এই মর্মে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে লেখা ছিল, 'এবার থেকে প্রতি শনিবার ব্য়াঙ্ক বন্ধ থাকবে। আর এই নির্দেশ দ্রুত কার্যকর করা হবে।' সেই নির্দেশিকার ছবি সামনে আসার পর থেকে গুঞ্জন শুরু হয়। তবে সেই নির্দেশিকা নিয়ে এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার।
তাদের তরফে বৃহস্পতিবার সাফ জানানো হয়, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে এমন কোনও নির্দেশিকা সরকার জারি করেনি। বা এমন কোনও সিদ্ধান্ত হয়নি। যে নির্দেশের ছবি ভাইরাল হয়েছে তা সর্বৈব মিথ্যা।
ব্যাঙ্কের গ্রাহকদের ভ্রান্তি দূর করতে ভারত সরকারের সরকারি তথ্য ও সংবাদ প্রচারকারী সংস্থা PIB এক্স হ্যান্ডেলে পোস্টও করে। তাদের তরফে সেখানে জানানো হয়, 'সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি গেজেট বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা দফতর SBI-সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য প্রতি শনিবার সরকারি ছুটি ঘোষণা করেছে।
PIB Fact Check জানিয়েছে, এই বিজ্ঞপ্তিটি ভুয়ো। প্রতি শনিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ছুটি ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। কেন্দ্রীয় সরকার সম্পর্কিত কোনও সন্দেহজনক তথ্য চোখে পড়লে PIB Fact Check-কে জানানো যেতে পারে। হোয়াটস অ্যাপ নম্বর 8799711259 এবং ইমেল factcheck@pib.gov.in।'
বর্তমানে ব্যাঙ্কের ছুটির নিয়ম কী?
বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক চালু রাখার দাবি জানিয়ে আসছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) সাতটি প্রধান কর্মী সংগঠনের প্রতিনিধিত্ব করে। তাদের দাবি, সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা চালু করা হোক।
২০১৫ সালে দশম দ্বিপাক্ষিক চুক্তির পর কর্মী সংগঠনগুলির দাবির আংশিক স্বীকৃতি দিয়ে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে বাকি শনিবারগুলিতেও ছুটির দাবিতে সরব কর্মী সংগঠনগুলি।
গত মাসে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলি। তবে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA)-এর উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিত রাখা হয়।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (AIBEA) সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক চালু রাখার বিষয়টি খতিয়ে দেখতে গঠিত কমিটির প্রথম বৈঠক বুধবার হওয়ার কথা ছিল। দ্রুত রিপোর্ট চূড়ান্ত করা হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তাঁর বক্তব্য অনুযায়ী, কমিটি সুপারিশ জমা দেওয়ার পর সেই প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং অর্থমন্ত্রককে। এর জন্য প্রয়োজনীয় আইনি সংশোধনও করতে হতে পারে।
ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলি তিন দিনের ধর্মঘট স্থগিত রাখার পর মঙ্গলবার উচ্চপর্যায়ের এই কমিটি গঠন করে IBA। সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক চালু রাখার প্রস্তাব কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা করাই এই কমিটির মূল কাজ।
তবে ব্যাঙ্কের কর্মীদের সপ্তাহে দুদিন ছুটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচলম জানিয়েছেন, কমিটির ফোকাস হল দেশে ৫ দিন ব্যাঙ্কিং চালু করা। কমিটি তাদের প্রস্তাব জমা দেওয়ার পরেই রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রককে ওই প্রস্তাব ফরোয়ার্ড করতেই হবে। এবং তার জন্য যা যা পরিবর্তন করার, করতে হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সপ্তাহে ২ শনিবার ছুটি চালু রেখেই ব্যাঙ্ক চলবে। বাকি ২ ছুটির জন্য রস্টারে পরিবর্তন করতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাদের সেই ক্ষমতা দেওয়া হবে।