
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের কথা উঠলে মুকেশ অম্বানি এবং গৌতম আদানির নামই সাধারণত সবার আগে আসে। কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি কে? তাঁর বয়স ৯৫ বছর। দেশের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও রয়েছে নাম। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫,০০০ কোটি টাকা। তাঁর সংস্থা শ্রী সিমেন্ট দেশের অন্যতম বড় সিমেন্ট সংস্থা। দীর্ঘমেয়াদে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে।
ভারতে ধনকুবেরের সংখ্যা ক্রমবর্ধমান। একদিকে কম বয়সী ব্যবসায়ীরা দেশের কোটিপতিদের তালিকায় জায়গা করে নিচ্ছেন, অন্যদিকে পিছিয়ে নেই প্রবীণরাও। বাংলায় সবচেয়ে ধনী ব্যক্তি হলেন বেনুগোপাল বাঙ্গুর। ১৯৩১ সালে জন্ম তাঁর। বর্তমানে বয়স ৯৫ বছর। এই বয়সেও তাঁর বিপুল সম্পত্তি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বেনুগোপালের সম্পত্তির পরিমাণ প্রায় ৫.৮ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৫,০০০ কোটি টাকা।
বেনুগোপাল বাঙ্গুর সিমেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর সংস্থার নাম শ্রী সিমেন্ট। ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত শ্রী সিমেন্টের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি সংস্থার চেয়ারম্যান এমেরিটাস। বাঙ্গুর গোষ্ঠী দেশের অন্যতম পুরনো ব্যবসায়ী পরিবার। বেনু গোপাল বাঙ্গুরের দাদু মুঙ্গিরাম বাঙ্গুর এবং তাঁর ভাই রামকুমার বাঙ্গুর এই ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে পারিবারিক ব্যবসার বিভাজন হয়। মোট পাঁচটি ভাগে ভাগ করা হয় ব্যবসা। সেই সময় সিমেন্ট ব্যবসার দায়িত্ব পান বেনুগোপাল। তাঁর হাত ধরেই কার্যত মাটি থেকে আকাশ ছোঁয়ার যাত্রা শুরু করে সংস্থাটি।
কীভাবে ব্যবসার দায়িত্ব পেলেন?
ব্যবসার শিক্ষা উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন বাংলার এই ধনকুবের। বেনুগোপাল বাঙ্গুরের দাদু ১৯৭৯ সালে রাজস্থানের জয়পুরে শ্রী সিমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। পরিবারের ব্যবসা ভাগ হওয়ার সময় বেনুগোপাল বাঙ্গুরের হাতে শ্রী সিমেন্টের ৬৫ শতাংশ মালিকানা ছিল। ১৯৯২ সালে সেই ব্যবসার দায়িত্ব নেন। হন সংস্থার চেয়ারম্যান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বেনুগোপাল নিজের দক্ষতা ও ব্যবসায়িক বুদ্ধির জোরে সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। একটা সময় এই সিমেন্ট ব্র্যান্ডটি বাঙ্গুর সিমেন্ট নামে পরিচিত ছিল।
সংস্থার মূল্য এখন কত?
বেনুগোপাল বাঙ্গুরের নেতৃত্বে মাত্র ২২ বছরের মধ্যে শ্রী সিমেন্টের ব্যবসা বিরাট বাড়ে। ব্যবসা যত বেড়েছে, ততই বেড়েছে সংস্থার শেয়ারের দাম এবং বাজারমূল্য। একইসঙ্গে বেড়েছে বেনুগোপাল বাঙ্গুরের সম্পত্তির পরিমাণও।
২০০১ সালের ৬ জুলাই শ্রী সিমেন্টের শেয়ারের দাম (Shree Cement Share Price) ছিল মাত্র ৩০.৩০ টাকা। সেখানে ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সংস্থার শেয়ারের দাম ২৩,৮৯৫ টাকা। বর্তমানে বেনুগোপাল বাঙ্গুরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫,০০০ কোটি টাকা। অন্যদিকে শ্রী সিমেন্টের বাজারমূল্য পৌঁছেছে প্রায় ৮৬,৫৫০ কোটি টাকায়।
বিনিয়োগকারীরা মালামাল
নিজে ধনকুবের হওয়ার পাশাপাশি বেনুগোপাল বাঙ্গুরের সংস্থা বিনিয়োগকারীদেরও বিপুল লাভের মুখ দেখিয়েছে। ২০০১ সালের ৬ জুলাই থেকে এখনও পর্যন্ত শ্রী সিমেন্টের শেয়ার প্রায় ৭৮,৭৬০ শতাংশ রিটার্ন দিয়েছে। সহজ ভাষায়, কোনও বিনিয়োগকারী ২০০১ সালের ৬ জুলাই শ্রী সিমেন্টে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে তা ধরে রাখতেন, তার মূল্য বর্তমানে প্রায় ৭ কোটি ৮৮ লক্ষ ৬০ হাজার টাকা। মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করে তিনি কোটিপতি।
সংস্থার বর্তমান অবস্থা
২০২২ সালে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর পর সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে হরিমোহন। ভাইস চেয়ারম্যান নাতি প্রশান্ত।