
অধিক ফলনের আশায় আধুনিক কৃষিকাজে ক্রমশ হারিয়ে যাচ্ছে ভারতের বহু ঐতিহ্যবাহী শস্য। গম, ধান ও ভুট্টার মতো কয়েকটি প্রধান ফসলের উপর নির্ভরতা বাড়ায় গুরুত্ব হারাচ্ছে বাজরা-সহ বিভিন্ন দেশীয় শস্য। অথচ এই শস্যগুলিই একসময় ভারতীয় কৃষি ও খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেই প্রায় তিন দশক ধরে কাজ করে চলেছেন হিমাচল প্রদেশের পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কৃষক নেকরাম শর্মা। দেশের কৃষিমহলে তিনি পরিচিত ‘মিলেট ম্যান’ বা ‘বাজরা মানব’ নামে।
ইন্ডিয়া টুডে গ্রুপ আয়োজিত ‘Kisan Tak Bharat Agriculture Conference 2026’-এর দ্বিতীয় দিন, ১২ নভেম্বর দিল্লির ভারত মণ্ডপমে ‘নয়-শস্য চাষ’ শীর্ষক অধিবেশনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন নেক রাম শর্মা। তাঁর বক্তব্য, বেশি ফলনের পিছনে ছুটতে গিয়ে কৃষির আসল শক্তি এবং ঐতিহ্যবাহী বীজের গুরুত্ব আমরা ভুলে যাচ্ছেন ভারতের কৃষকরা। অথচ ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই শস্যগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন বাঁচানোর ভাবনা থেকেই শুরু যাত্রা
নেকরাম শর্মার কৃষি আন্দোলনের শুরু অবশ্য বাজরা চাষ দিয়ে হয়নি। নিজের গ্রামের বনভূমি ও মাটি রক্ষার চিন্তা থেকেই তাঁর এই যাত্রা শুরু। তাঁর গ্রামের প্রায় ২৫০ একর বনভূমি অগ্নিকাণ্ড এবং অতিরিক্ত পশুচারণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। IIT দিল্লিতে একটি কোর্স করার সময় হিমাচল প্রদেশের মাটির ক্ষয় সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর গ্রামবাসীদের মধ্যে বন সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরির কাজ শুরু করেন।
সেই সূত্রেই প্রাকৃতিক কৃষি এবং দেশীয় শস্যের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। ছোটবেলায় দাদুর বাড়িতে বড় বড় ঝুড়িতে বাজরা মজুত থাকতে দেখেছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে উচ্চফলনশীল গম, ধান ও ভুট্টার বীজ জনপ্রিয় হওয়ায় হারিয়ে যেতে থাকে বহু দেশীয় শস্য।
দাদুর গল্প থেকেই বীজ সংরক্ষণের অনুপ্রেরণা
নেকরাম শর্মা জানান, তাঁর দাদু নতুন ধরনের বীজের জনপ্রিয়তা দেখে আশঙ্কা করেছিলেন, একদিন হয় তো ঐতিহ্যবাহী শস্যের অস্তিত্বই থাকবে না। তাই দুর্ভিক্ষ বা কঠিন সময়ের কথা ভেবে তিনি দেশীয় শস্য সংরক্ষণ করতেন। দাদুর সেই ভাবনাই তাঁকে বীজ সংরক্ষণের কাজে উদ্বুদ্ধ করে। তাঁর দাবি, অনেক ঐতিহ্যবাহী বাজরার বীজ উপযুক্ত পরিবেশে ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। পাশাপাশি এই শস্যের চাষে রাসায়নিক সার ও কীটনাশকের উপর নির্ভরতাও কমানো যায়।
এক জমিতে নয় রকমের শস্য চাষ
নয়-শস্য চাষ পদ্ধতিতে একই জমিতে ন'রকমের আলাদা শস্য উৎপাদন করা হয়। নেকরাম শর্মার মতে, এই পদ্ধতিতে কৃষির বৈচিত্র্য বজায় থাকে। পাশাপাশি সেচের প্রয়োজন কমানো এবং মাটির উর্বরতা ধরে রাখতেও সাহায্য করতে পারে এই পদ্ধতি। ভারতীয় ঐতিহ্যে এই নয়টি শস্যের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বও রয়েছে। নবগ্রহ পূজার সঙ্গেও বিভিন্ন রঙের শস্যের সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।