
অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরই মধ্যে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ফের একবার মাইনে বাড়তে চলেছে সরকারি কর্মীদের। বাড়বে পেনশনও। CPI-IW inflation ডেটা অনুযায়ী, জুলাইয়ের DA ৩ শতাংশ বাড়তে পারে কর্মীদের। যদি তা বাড়ে,তা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৬০ থেকে বেড়ে ৬৩ শতাংশ হয়ে যাবে।
কেন্দ্রের শ্রম ও কর্মচারি মন্ত্রক গত ৩১ জুলাই জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (CPI-IW) ১.১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫১.৯-এ পৌঁছেছে। প্রতি বছর দু বার করে সরকারি কর্মীদের ডিএ বাড়ে। পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই, এই দু বার ডিএ বাড়ে। খুচরো মূল্যস্ফীতি পরিমাপকারী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW)-এর গত ১২ মাসের গড় সূচকের ভিত্তিতে করা হয় এই হিসেব। ২০২৬ সালের জুলাই মাসের সংশোধনের ক্ষেত্রে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত AICPI-IW-এর তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
কীভাবে মহার্ঘ ভাতা বা DA হিসেব করা হয়?
২০২৬ সালের জুলাইয়ের ডিএ বাড়বে সপ্তম বেতন কমিশনের আওতায়। এই ফর্মুলাটি হল, DA (%) = {[(গত ১২ মাসের গড় AICPI-IW × ২.৮৮) − ২৬১.৪২] ÷ ২৬১.৪২} × ১০০। এই ফর্মুলায় ১২ মাসের গড় AICPI-IW-এর মান ১৪৯.৫৪ (২০১৬ সালের বেস ইয়ার) বসালে মহার্ঘ ভাতা (DA)-এর হার দাঁড়ায় প্রায় ৬৩.৭ শতাংশ। তবে কেন্দ্র সরকার ডিএ ঘোষণার ক্ষেত্রে দশমিকের পরের অংশ গণনায় ধরে না। ফলে আগামী সংশোধনে ডিএ ৬৩ শতাংশ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
৩ শতাংশ ডিএ বাড়লে মাইনে কত হবে?
কেন্দ্র যদি জুলাইয়ে ৩ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে কর্মী ও পেনশনভোগীর বেসিক মাইনের উপরে তা নির্ভর করবে, কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে। বেসিক স্যালারি যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে ডিএ বাড়বে ৫৪০ টাকা। বেসিক মাইনে যদি ৩০ হাজার টাকা হয়,তা হলে ডিএ বাড়বে ৯০০ টাকা। বেসিক মাইনে যদি ৫০ হাজার টাকা হলে, ডিএ বাবদ বাড়বে দেড় হাজার টাকা। পেনশনভোগীরাও DR বাবদ ৩ শতাংশ বৃদ্ধি আশা করতে পারেন।
কবে DA ঘোষণা করবে কেন্দ্র?
বিগত দিনের ট্রেন্ড বলছে, জুলাইয়ের ডিএ সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে কেন্দ্র অনুমোদন দেয়। সে ক্ষেত্রে দীপাবলির কাছাকাছি বা দীপাবলির মুখেই হয়তো ডিএ ঘোষণা করে দেওয়া হবে। চলতি বছরের এপ্রিলে কেন্দ্র ২ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। তার জেরে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছিল।