
প্রভিডেন্ট ফান্ড বা PF ট্রাস্ট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল EPFO। এমন বেশ কিছু PF ট্রাস্ট রয়েছে, যারা আয়কর দফতরের কাছ থেকে স্বীকৃতি পেলেও কর্মচারী প্রভিডেন্ট ফান্ড আইনের অধীনে আনুষ্ঠানিক ছাড় বা Exemption Status-এর আদেশ নেয়নি। এবার সেই ঘাটতি মেটানোর সুযোগ দেওয়া হচ্ছে।
EPFO এই PF ট্রাস্টগুলির জন্য এককালীন বিশেষ সুযোগ চালু করেছে। এর মাধ্যমে যোগ্য PF ট্রাস্টগুলি অতীত সময়ের জন্য নিজেদের Exemption Status নিয়মিত করতে পারবে।
এই ব্যবস্থা চালু হয়েছে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড প্রকল্প, ২০২৬-এর মাধ্যমে। গত ২৯ জুন ২০২৬ এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য। ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
কারা এই সুবিধা পাবেন?
এই বিশেষ সুযোগ মূলত সেই PF ট্রাস্টগুলির জন্য, যারা আয়কর আইন, ১৯৬১-এর অধীনে স্বীকৃত। কিন্তু তাদের কাছে EPF আইনের অধীনে প্রয়োজনীয় ছাড়ের আদেশ নেই।
অর্থাৎ, কোনও PF ট্রাস্ট আয়কর দফতরের স্বীকৃতি পেয়েছে, কিন্তু কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ও বিবিধ বিধান আইন, ১৯৫২-এর ধারা ১৭ অনুযায়ী অথবা সামাজিক সুরক্ষা বিধি, ২০২০-এর ধারা ১৪৩ অনুযায়ী EPFO-র আনুষ্ঠানিক ছাড়ের অনুমোদন নেয়নি, তাহলে এই এককালীন সুবিধার আওতায় তারা আসতে পারে।
পুরনো সময়ের স্ট্যাটাসও ঠিক করা যাবে
এই নতুন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, যোগ্য PF ট্রাস্টগুলি শুধু বর্তমানের জন্য নয়, অতীত সময়েরও নিজেদের Exemption Status নিয়মিত করার সুযোগ পাবে। তবে অবশ্যই এর জন্য EPFO-র নির্ধারিত নিয়ম ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
কিছু নিয়মেও মিলছে ছাড়
শুধু পুরনো স্ট্যাটাস নিয়মিত করার সুযোগই নয়, সামাজিক সুরক্ষা বিধি-র অধীনেও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।এর মধ্যে রয়েছে PF ট্রাস্টের ন্যূনতম কর্মী সংখ্যার শর্ত, PF ট্রাস্টের তহবিলের আকারের শর্ত এবং তিন বছর ধরে নিয়ম মেনে চলার শর্ত।এই ছাড়ের ফলে যেসব PF ট্রাস্ট এতদিন নির্দিষ্ট শর্তের কারণে সমস্যায় পড়ছিল, তাদের জন্য প্রক্রিয়াটি কিছুটা সহজ হতে পারে।
এরপর কী করবে সংস্থা?
কোনও সংস্থা একবার অতীতের Exemption Status নিয়মিত করে নিলে, তার সামনে দু’টি পথ থাকবে। তারা চাইলে ছাড়প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে PF Trust চালিয়ে যেতে পারবে। আবার চাইলে ছাড়বিহীন প্রতিষ্ঠান হিসেবেও নিজেদের পরিচালনা করতে পারবে।
সম্ভাব্য PF ট্রাস্টগুলিকে খুঁজছে EPFO
এই সুবিধা যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছয়, তার জন্য সম্ভাব্য PF ট্রাস্টগুলিকে চিহ্নিত করার কাজও শুরু করেছে EPFO। এই বিষয়ে ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সংস্থা-র মতো পেশাদার সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
কারণ, PF ট্রাস্ট তৈরি করা বহু সংস্থার আয়কর এবং অন্যান্য আইনি হিসাব পরীক্ষার কাজ চার্টার্ড অ্যাকাউ্যান্টরা করে থাকেন। ফলে কোন কোন PF ট্রাস্ট এই সুবিধা পেতে পারে, তা চিহ্নিত করতে তাঁদের সাহায্য নেওয়া হচ্ছে।
এছাড়াও EPFO-র বিভিন্ন আঞ্চলিক ও জোনাল অফিসের তরফে আলোচনা সভা ও কর্মশালা করা হচ্ছে। উত্তরপ্রদেশ ও কলকাতার জোনাল অফিসেও সংশ্লিষ্টদের নিয়ে এমন কর্মসূচি হয়েছে। সেখানে নতুন নিয়ম এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হচ্ছে।
আয়কর দফতরের কাছেও তথ্য চেয়েছে EPFO
PF ট্রাস্টগুলির বিষয়ে আয়কর দফতরের কাছ থেকেও তথ্য চেয়েছে EPFO। EPFO-র বক্তব্য, কোনও PF Trust-কে আয়কর আইনের অধীনে স্বীকৃতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থাটি EPF আইনের আওতায় পড়ে কি না এবং তার Exemption Status কী, তা যাচাই করা প্রয়োজন। যেসব PF Trust-এর কাছে EPFO-র কোনও আনুষ্ঠানিক ছাড়ের আদেশ নেই, তাদের দেওয়া আয়কর স্বীকৃতি প্রত্যাহারের বিষয়টিও আয়কর দফতরের কাছে বিবেচনা করার জন্য জানিয়েছে EPFO।
কীভাবে আবেদন করতে হবে?
এই বিশেষ সুযোগের আওতায় পড়ে এমন PF ট্রাস্টগুলিকে EPFO-র ১১ জুলাই ২০২৬-এর বিস্তারিত নির্দেশিকা অনুযায়ী আবেদন করতে হবে। সেখানে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি এককালীন সুযোগ। তাই যোগ্য PF ট্রাস্টগুলিকে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০২৬। এই সময়সীমা পেরিয়ে গেলে এই বিশেষ সুবিধা আর পাওয়া যাবে না।