
শুরু হচ্ছে পুজোর মাস। বৃহস্পতিবার ১ অক্টোবর। এই দিন থেকে দৈনন্দিন কাজকর্মে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এটিএম চার্জ থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট, একাধিক নিয়মে বদল। সময় থাকতে এই পরিবর্তনগুলি জেনে রাখা জরুরি। কারণ এর সরাসরি প্রভাব পড়তে পারে আপনার পকেটে। অক্টোবরের প্রথম দিন থেকে কী কী নিয়মে বদল আসছে, চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
এসবিআই এটিএম নিয়মে বদল: ভারতীয় স্টেট ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য নতুন নিয়ম চালু করেছে। ওই নিয়ম অনুযায়ী, অন্য ব্যাঙ্কের এটিএম এবং অটোমেটেড ডিপোজিট কাম উইথড্রয়াল মেশিনে এসবিআই ডেবিট কার্ড দিয়ে মাসে বিনামূল্যে লেনদেনের সংখ্যা ১০ থেকে কমে ৫ হবে। নতুন নিয়ম ১ অক্টোবর কার্যকর। স্যালারি অ্যাকাউন্ট বলতে যেখানে সরাসরি এসবিআই অ্যাকাউন্টে বেতন জমা পড়ে। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের গ্রাহকরা মাসে চার বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। তারপর প্রতিটি লেনদেনে জিএসটি যোগ করে ১৫ টাকা চার্জ।
ফিক্সড ডিপোজিট নিয়মে বদল: ১ অক্টোবর থেকে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের নিয়মেও পরিবর্তন। ব্যাঙর বাল্ক FD সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বড় অঙ্কের এফডিতে কত সুদ দেওয়া হবে, তা ব্যাঙ্কগুলিকে আগে থেকেই জানাতে হবে। প্রতিদিন সকাল ১০টার মধ্যে এই তথ্য দিতে হবে। তবে Liquidity Coverage Ratio মাথায় রেখে ব্যাঙ্কগুলি বিভিন্ন সুদের হার ঠিক করতে পারবে। LCR বলতে বোঝায়, হঠাৎ টাকার প্রয়োজন হলে ব্যাঙ্কের হাতে সহজে নগদে পরিণত করা যায় এমন পর্যাপ্ত সম্পদ রয়েছে কিনা।
ইউপিআই লেনদেন: ১৫ অক্টোবর থেকে ইউপিআই লেনদেনে Merchant Discount Rate কার্যকর হতে চলেছে। এই চার্জ ব্যবসায়ীদের দিতে হবে। ২০০০ টাকার বেশি লেনদেনে লাগবে এই চার্জ। তবে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেনে কোনও চার্জ থাকবে না। মানে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে টাকা পাঠালে কোনও চার্জ দিতে হবে না। এছাড়াও যে সব ব্যবসায়ী প্রতি মাসে ১ লক্ষ টাকার মধ্যে ইউপিআই লেনদেন করেন, তাঁদেরও কোনও চার্জ দিতে হবে না। ২,০০০ টাকার বেশি ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ চার্জ দিতে হবে।
এলপিজিতে আধার বায়োমেট্রিক: সাধারণ এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাই বাধ্যতামূলক। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি পেতে ১ অক্টোবরের আগেই এই প্রক্রিয়া শেষ করতে হবে। আধার ভেরিফিকেশনের পর রিফিল বুক করলেই ভর্তুকি পাওয়া যাবে। ভর্তুকিযুক্ত সিলিন্ডার পেতে গ্রাহকদের এই প্রক্রিয়া সময়মতো শেষ করে নেওয়া জরুরি।
এনপিএস চার্জ: জাতীয় পেনশন ব্যবস্থা (NPS) এবং NPS Lite-এর আওতায় Point of Presence-এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে নেওয়া চার্জে পরিবর্তন করেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। সংশোধিত চার্জ ১ অক্টোবর কার্যকর। নতুন নিয়ম অনুযায়ী, PoP-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা গ্রাহককে প্রতিটি Permanent Retirement Account Number-এর জন্য এককালীন ২০০ টাকা দিতে হবে।