
রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট বাড়লে লোনের ইএমআই বাড়ে। তেমনই আবার বাড়ে ফিক্সড ডিপোজিটের সুদও। এখনও পর্যন্ত বড় ব্যাঙ্কগুলি ঘোষণা করেনি। আগের রেটই এখনও বহাল। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীদের মধ্যে ৪৪৪ দিনের এফডি বেশি জনপ্রিয়। এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে একাধিক বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। চলুন দেখে নেওয়া যাক, কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে।
ফিক্সড ডিপোজিট এখনও সাধারণ মানুষের কাছে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ব্যাঙ্ক বিশেষ এফডি স্কিম চালু করে থাকে। তার মধ্যে ৪৪৪ দিনের এফডিও রয়েছে। এই মেয়াদের এফডিতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। বার্ষিক সুদ ৬.৭৫ শতাংশ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) ৪৪৪ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৬.৬০ শতাংশ সুদ। এছাড়া কানাড়া ব্যাঙ্ক ৪৪৪ দিনের এফডিতেও রয়েছে আকর্ষণীয় সুদ। গ্রাহকরা বার্ষিক ৬.৫০ শতাংশ সুদ পাচ্ছেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও ৪৪৪ দিনের এফডি স্কিম রয়েছে। ৬.৪৫ শতাংশ সুদ দিচ্ছে এসবিআই।
| ব্যাঙ্ক | এফডি মেয়াদ | সুদ % |
| সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ৪৪৪ | ৬.৭৫ |
| কানাড়া ব্যাঙ্ক | ৪৪৪ | ৬.৫০ |
| পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | ৪৪৪ | ৬.৬০ |
| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ৪৪৪ | ৬.৪৫ |
ফিক্সড ডিপোজিট বাছার সময় শুধু সুদের হার বেশি কিনা, সেটাই দেখা যথেষ্ট নয়। বিনিয়োগের আগে ব্যাঙ্কের নিয়ম, ম্যাচিওরিটির শর্ত এবং কর সংক্রান্ত বিষয় ভাল করে দেখে নেওয়া জরুরি। পাশাপাশি যে ব্যাঙ্কে টাকা জমা রাখছেন, সেই ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য সম্পর্কেও খোঁজ নিন। কারণ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতেই থাকে বিমা। কোনও কারণে ব্যাঙ্ক উঠে গেলে ওই টাকা ফেরত পান গ্রাহকরা।