
স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Small Finance Bank Fixed Deposit) রয়েছে বা নতুন করে করার কথা ভাবছেন? তা হলে এই খবর আপনার জন্যই। ফিক্সড ডিপোজিটে সুদের হার আরও স্বচ্ছ রাখতে এবং গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। নির্দেশিকা অনুযায়ী,১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়মাবলী।
স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির এফডি সম্পর্কিত নিয়মে তিনটি বড় বদল আনা হয়েছে। প্রথমত, প্রতিটি কর্মদিবসে সকাল ১০টার মধ্যে ব্যাঙ্ককে নিজেদের ওয়েবসাইটে বাল্ক ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। ওই দর প্রয়োজনে আপডেট করার জন্য সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে।
আরবিআই-এর নিয়ম অনুযায়ী, স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির ক্ষেত্রে ৩ কোটি টাকা বা তার বেশি টাকার এককালীন আমানতকে বাল্ক এফডি হিসেবে গণ্য করা হয়। সাধারণত বড় শিল্প সংস্থা, ব্যবসায়ী, ট্রাস্ট ও শিল্পপতিরাই এই ধরনের স্থায়ী আমানত করে থাকেন।
আগাম জানাতে হবে সুদের হার
দ্বিতীয় বড় পরিবর্তনটি সব ধরনের স্থায়ী আমানতের ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রাহকের কাছ থেকে আমানত নেওয়ার আগেই সুদের হার জানিয়ে দিতে হবে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলিকে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ীই খুচরো ও বাল্ক ডিপোজিটে সুদ দিতে হবে ব্যাঙ্কগুলিকে। এর ফলে বিনিয়োগ করার আগেই বিভিন্ন ব্যাঙ্কের এফডি-র সুদের হার তুলনা করা সহজ হবে সাধারণ গ্রাহকদের পক্ষে।
সব গ্রাহকদের জন্য এক সুদের হার
আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে,একই দিনে জমা পড়া সমপরিমাণ আমানতের ওপর আলাদা আলাদা গ্রাহককে আলাদা সুদের হার দিতে পারবে না স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি।
ব্যাঙ্কের সমস্ত শাখাতেই সমান সুদের হার চালু রাখতে হবে, যাতে প্রতিটি আমানতকারীই সমান সুবিধা পান, যে শাখাতেই টাকা জমা রাখুন না কেন।
তবে এই নিয়মটি বাল্ক আমানতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আগাম ঘোষিত ও সর্বসাধারণের জন্য প্রকাশিত শর্তাবলী মেনে বাল্ক এফডিতে ব্যাঙ্কগুলি ভিন্ন ভিন্ন সুদের হার দিতেই পারে। আরবিআইয়ের বক্তব্য, এই পরিবর্তনগুলি গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে করা হয়েছে।