
কমোডিটি মার্কেটে পড়ল সোনা ও রুপোর দাম। এমসিএক্সে সোনার দাম রেকর্ড দর থেকে প্রায় ৪,০০০ টাকা পর্যন্ত নেমে গেল। একইসঙ্গে রুপোর দামেও প্রায় ৯,০০০ টাকা পর্যন্ত পতন। যদিও পরে কিছুটা ঘুরে দাঁড়ায় দুই ধাতুর দাম।
এমসিএক্সে সোনা-রুপোর দর
এমসিএক্সে লেনদেন শেষ হওয়া পর্যন্ত সোনার দাম ২,৫৯৬ টাকা কমে প্রতি ১০ গ্রামে ১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকায় নেমে এসেছে। রুপোর দাম ৪,০০০ টাকা কমে প্রতি কেজিতে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ টাকায় দাঁড়ায়।
হঠাৎ কেন পড়ল সোনা-রুপোর দাম?
সোনা ও রুপোর দাম কমার অন্যতম কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের একটি বক্তব্য। মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান কেভিন ওয়ার্শের কথায় ভবিষ্যতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত মিলেছে। আশঙ্কা করা হচ্ছে, ফেডারেল রিজার্ভ সুদের হার ২ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। সেই সম্ভাবনার জেরেই সোনা ও রুপোর দামে চাপ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারেও ধস
আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপোর দামে বড় পতন। গ্লোবাল মার্কেটে সোনার দাম ৩.৪৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৫০৪.১০ ডলারে নেমে এসেছে। রুপোর দাম ৪.৫৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৬৬.২৫৫ ডলারে দাঁড়িয়েছে।
কলকাতার বাজারে সোনার দর
শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। বেড়েছে ৮৫০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। বেড়েছে ৯৫০ টাকা। আর হলমার্ক সোনার গয়নার দাম ১ লাখ ৫২ হাজার ৭০০ টাকা। ৭৫০ টাকা বেড়েছে।
কলকাতার বাজারে রুপোর দর
শুক্রবার রুপোর দাম প্রতি কেজি ২ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা। আগের দিন রুপোর দাম ছিল প্রতি কেজি ২ লাখ ৪১ হাজার ৪০০ টাকা।