
জ্বালানি নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার ডিজেল ও ATF রফতানির উপর চাপানো উইন্ডফল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। যদিও অপরিবর্তিত রাখা হয়েছে পেট্রোল রফতানির উপর বর্তমান শুল্ক। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হলেও, অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন রফতানির হার ১৬ জুন থেকে কার্যকর হবে।
উইন্ডফল ট্যাক্স কত টাকা বাড়ল?
নতুন ব্যবস্থায় ডিজেল রফতানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) প্রতি লিটারে ১৩.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। অন্যদিকে, ATF রফতানির উপর শুল্ক ৯.৫০ টাকা থেকে বাড়িয়ে প্রতি লিটারে ১২.৫০ টাকা করা হয়েছে। যেহেতু পেট্রোল রফতানিতে কোনও শুল্ক বৃদ্ধি হয়নি, তাই আগের মতোই প্রতি লিটারে ১.৫০ টাকা থাকছে পেট্রোলের উপর উইন্ডফল ট্যাক্স।
তবে এই পদক্ষেপ পুরোপুরি জ্বালানি রফতানিকারকদের উপরেই প্রভাব ফেলবে। সরকারের এই সিদ্ধান্তের জেরে আমজনতার জ্বালানি কেনায় কোনও প্রভাব পড়বে না। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে রফতানিকারকরা যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে। যদিও বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাত প্রায় শেষের পথে।
প্রসঙ্গত, এর আগে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত ২৬ মার্চ ডিজেল ও এটিএফ রফতানির উপর শুল্ক আরোপ করেছিল কেন্দ্র। পরে প্রতি ১৫ দিন অন্তর সেই হার পর্যালোচনা করা হচ্ছে। গত ১৬ মে পেট্রোল রফতানির উপরও শুল্ক আরোপ করা হয়।
বিশেষজ্ঞরা বলে থাকেন, এই উইন্ডফল ট্যাক্সের মূল উদ্দেশ্য হল রফতানিকে নিরুৎসাহিত করে দেশের বাজারে পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করা এবং জ্বালানি নিরাপত্তা বজায় রাখা।