
মাসের বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে? শুধু চাল, ডাল, আনাজপাতির দাম নয়, খরচ বাড়ছে রেস্তরাঁয় খাওয়াদাওয়া, ব্যক্তিগত পরিচর্যা, পরিবহণ থেকে শুরু করে পোশাক এবং গৃহস্থালির নানা সামগ্রীর ক্ষেত্রেও। অক্টোবরের খুচরো মূল্যবৃদ্ধির পরিসংখ্যান বলছে, দেশের সাধারণ মানুষের সংসার খরচের বোঝা ক্রমশ বাড়ছে। খুচরো মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে ৬.০৯ শতাংশে। অন্যদিকে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার আরও বেশি, ৮.৯৪ শতাংশ।
কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে খুচরো মূল্যবৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্ধারিত সর্বোচ্চ সহনসীমা ৬ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। বর্তমান কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) সিরিজ চালু হওয়ার পর এই প্রথম এই সীমা অতিক্রম করল মূল্যবৃদ্ধির হার। শুধু খাদ্যপণ্য নয়, দৈনন্দিন জীবনের একাধিক পরিষেবা ও প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়েছে। ফলে সংসারের বাজেটে নতুন করে চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রেস্তরাঁয় খাওয়াদাওয়াতেও বাড়ছে খরচ
বাড়ির বাইরে খেতে যাওয়া কিংবা অনলাইনে খাবার অর্ডার করার খরচও বাড়ছে। অক্টোবর মাসে রেস্তরাঁ ও আবাসন পরিষেবা বিভাগে মূল্যবৃদ্ধির হার ছিল ১০.০৬ শতাংশ। গ্রামীণ এলাকায় এই হার ১০.২৪ শতাংশ এবং শহরাঞ্চলে ৯.৯০ শতাংশ।
অর্থাৎ, গত বছরের অক্টোবরের তুলনায় রেস্তরাঁয় খাওয়া, খাবার অর্ডার এবং আবাসন সংক্রান্ত পরিষেবার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিয়মিত বাইরে খেতে যাওয়া পরিবারগুলির মাসিক বাজেটে এর প্রভাব পড়তে পারে।
এই প্রসঙ্গে W by Groww-এর রিসার্চ প্রধান ও ফান্ড ম্যানেজার নিরভ কারকেরা জানিয়েছেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব রেস্তরাঁর খাবারের দামেও পড়ছে। তাঁর কথায়, এক বছর আগের তুলনায় বাইরে খাওয়ার খরচ ইতিমধ্যেই প্রায় ১০ শতাংশ বেড়েছে।
ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীর দামেও বৃদ্ধি
শুধু খাওয়াদাওয়া নয়, ব্যক্তিগত পরিচর্যা এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রীর খরচও বেড়েছে। পার্সোনাল কেয়ার, সোশ্যাল প্রোটেকশন এবং বিবিধ পণ্য ও পরিষেবা বিভাগে অক্টোবরে মূল্যবৃদ্ধির হার ছিল ১০.১৪ শতাংশ।
গ্রামীণ এলাকায় এই হার ১০.৮৪ শতাংশ। শহরাঞ্চলে তা ৯.২৪ শতাংশ। ফলে ব্যক্তিগত পরিচর্যা এবং অন্যান্য প্রয়োজনীয় খাতে সাধারণ মানুষের খরচ বাড়ছে।
পেঁয়াজের দাম বেড়েছে ১১৬ শতাংশেরও বেশি!
সবচেয়ে বেশি চাপ তৈরি করছে রান্নাঘরের বাজার। অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৭.৭৪ শতাংশ।
ব্যক্তিগত খাদ্যপণ্যের মধ্যে পেঁয়াজের দাম গত বছরের অক্টোবরের তুলনায় বেড়েছে ১১৬.২২ শতাংশ। রসুনের দাম বেড়েছে ৬০.৭৪ শতাংশ। আদার দাম বেড়েছে ৪৮.৩২ শতাংশ এবং লেবুর দাম ৪৭.৩০ শতাংশ।
অন্যদিকে, রুপোর গয়নার দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। এই বিভাগে মূল্যবৃদ্ধির হার ৫২.৩৯ শতাংশ।
তবে সবজির বাজারে কিছুটা স্বস্তিও রয়েছে। গত বছরের তুলনায় অক্টোবরে আলুর দাম কমেছে ১৪.২৪ শতাংশ। ফুলকপির দাম কমেছে ১০.৫৭ শতাংশ এবং নারকেলের দাম ৫.৬০ শতাংশ। অর্থাৎ, কিছু আনাজের দাম কমলেও পেঁয়াজ, রসুন, আদার মতো নিত্যপ্রয়োজনীয় উপকরণের মূল্যবৃদ্ধি সামগ্রিক বাজার খরচ বাড়িয়ে দিচ্ছে।
নিরভ কারকেরার মতে, খুচরো মূল্যবৃদ্ধি ৬ শতাংশের গণ্ডি পেরনোর পিছনে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে। তাঁর কথায়, মূল্যবৃদ্ধির প্রায় অর্ধেকটাই খাদ্যপণ্যের কারণে। পেঁয়াজ ও রসুনের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গ্রামীণ পরিবারগুলির ক্ষেত্রে এই চাপ আরও বেশি, কারণ তাদের মোট খরচের বড় অংশই খাদ্যপণ্যের পিছনে ব্যয় হয়।
গাড়ি বা বাইক চালানোর খরচও বাড়ছে
পরিবহণের ক্ষেত্রেও খরচের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। অক্টোবরে সামগ্রিক পরিবহণ বিভাগে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৮৪ শতাংশ। তবে ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন চালানোর সঙ্গে যুক্ত খরচের ক্ষেত্রে এই হার ৭.৫২ শতাংশ।
পণ্য পরিবহণ পরিষেবায় মূল্যবৃদ্ধির হার ৭.৩৪ শতাংশ। যাত্রী পরিবহণ পরিষেবার ক্ষেত্রে তা ৪.০২ শতাংশ।
পরিবহণের খরচ বাড়লে তার প্রভাব পড়তে পারে অন্যান্য পণ্যের দামেও। কারণ, কাঁচামাল থেকে তৈরি সামগ্রী বাজারে পৌঁছে দিতে পরিবহণের প্রয়োজন হয়। ফলে পণ্য পরিবহণের খরচ বাড়লে শেষ পর্যন্ত সেই বোঝা এসে পড়তে পারে ক্রেতাদের উপরেও।
নিরভ কারকেরা আগামী দিনে জ্বালানির দামকে বড় উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পেট্রল পাম্পে মে মাসের পর থেকে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশি থাকলে এবং টাকার বিনিময়মূল্য দুর্বল হলে ভবিষ্যতে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
পোশাক, জুতো এবং গৃহস্থালির সামগ্রীর দামও ঊর্ধ্বমুখী
পোশাক ও জুতোর ক্ষেত্রেও দাম বেড়েছে। অক্টোবরে এই বিভাগে মূল্যবৃদ্ধির হার ছিল ৪.৯৬ শতাংশ। গ্রামীণ এলাকায় তা ৫.৬১ শতাংশ এবং শহরাঞ্চলে ৩.৮৯ শতাংশ। গৃহস্থালির নানা সামগ্রীর দামও বেড়েছে। আসবাব, গৃহস্থালির সরঞ্জাম এবং নিয়মিত বাড়ির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভাগে মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৯৪ শতাংশ। এর মধ্যে কাচের বাসন, টেবিলওয়্যার এবং রান্নাঘরের বিভিন্ন পাত্রের দাম বেড়েছে ৭.১০ শতাংশ। গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতির দাম বেড়েছে ৪.৯৮ শতাংশ। আসবাব ও ঘর সাজানোর সামগ্রীর দাম বেড়েছে ৫.৩৯ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত সরঞ্জামের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির হার ৭.৭৫ শতাংশ।
স্কুলের ফি, চিকিৎসা ও বাড়িভাড়ায় কতটা চাপ?
তবে সব ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির হার সমান নয়। শিক্ষাক্ষেত্রে পরিষেবার খরচ অক্টোবরে বেড়েছে ৪.০২ শতাংশ। শহরাঞ্চলে এই হার ৪.৬১ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৩.১০ শতাংশ।
চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক। স্বাস্থ্য বিভাগে মূল্যবৃদ্ধির হার ছিল ২.০৫ শতাংশ। ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের দাম বেড়েছে ২.১৩ শতাংশ। বহির্বিভাগের চিকিৎসা পরিষেবায় মূল্যবৃদ্ধির হার ২.০৫ শতাংশ।
বাড়িভাড়া, জল, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি বিভাগে মূল্যবৃদ্ধির হার ছিল ২.৯০ শতাংশ। বাড়িভাড়ার ক্ষেত্রে তা ২.৩৬ শতাংশ। বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ৩.৭১ শতাংশ।
নিরভ কারকেরার বক্তব্য, খাদ্যপণ্য এবং মূল্যবান ধাতু বাদ দিলে অন্তর্নিহিত মূল্যবৃদ্ধির হার এখনও প্রায় ৪ শতাংশের কাছাকাছি। বাড়িভাড়া, স্বাস্থ্য ও শিক্ষার খরচ তুলনামূলক ধীর গতিতে বাড়ছে। ফলে সব ক্ষেত্রেই সমান চাপ তৈরি হয়নি।
৬ শতাংশের গণ্ডি পেরনো কেন উদ্বেগের?
খুচরো মূল্যবৃদ্ধি বলতে সাধারণ মানুষ যে পণ্য ও পরিষেবা কেনেন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেগুলির সামগ্রিক দামের পরিবর্তনকে বোঝায়। অক্টোবরের ৬.০৯ শতাংশ মূল্যবৃদ্ধির অর্থ, গত বছরের একই মাসের তুলনায় সামগ্রিক খুচরো মূল্যস্তর ৬.০৯ শতাংশ বেড়েছে। এর অর্থ এই নয় যে প্রতিটি পণ্য বা পরিষেবার দামই একই হারে বেড়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের মূল্যবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ শতাংশ। এর সঙ্গে ২ শতাংশ কম বা বেশি হওয়ার সহনসীমা রয়েছে। অর্থাৎ, মূল্যবৃদ্ধির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকার কথা। কিন্তু অক্টোবরে সেই সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে।
খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ায় সাধারণ পরিবারের উপর চাপ আরও বেশি। মাসের বাজার, যাতায়াত, বাইরে খাওয়াদাওয়া এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে বেশি টাকা ব্যয় করতে হচ্ছে। ফলে সঞ্চয়, বিনিয়োগ কিংবা অন্যান্য প্রয়োজনীয় খাতে খরচ করার মতো অর্থ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে, শুধু বাজারের থলি নয়, সংসারের একাধিক খরচের ক্ষেত্রেই বাড়ছে চাপ। আগামী দিনে খাদ্যপণ্য ও জ্বালানির দামের গতিপ্রকৃতি সাধারণ মানুষের মাসিক বাজেটের উপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।