
প্রায় পাঁচ বছর ধরে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরিকরণ কথা চলছিল। তবে বার বার কোনও না কোনও কারণে আটকে গিয়েছে সেই প্রক্রিয়া। এবার পাকা খবর, ওই সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণে প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কথা হচ্ছে আইডিবিআই ব্যাঙ্কের (IDBI)। কীভাবে বেসরকারিকরণ হবে? কেন বিলগ্নিকরণের সিদ্ধান্ত? জানুন পুরো কাহিনি।
আইডিবিআই ব্যাঙ্কে ৬০.৭২ শতাংশ মালিকানা যৌথভাবে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) হাতে। ওই অংশই বিক্রি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিনছে কে? দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস। সংস্থাটি প্রায় ৫৩ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছে বলে খবর।
সেই ২০২১ সাল থেকে আইডিবিআই ব্যাঙ্কে বেসরকারিকরণের অনুমোদন এবং দরপত্র নিয়ে চলছে টানাপোড়েন।একাধিকবার থমকে গিয়ে আলোচনা প্রক্রিয়া। তবে এবার চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করে উপযুক্ত সময়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা যায় কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্র। সূত্রের খবর, IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণা কবে করা হবে, এখন সেই আলোচনা চলছে।
সস্তায় বিক্রি?
প্রাথমিক পর্যায়ে অবশ্য এই চুক্তি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। কারণ প্রথম দফার দর সরকারের নির্ধারিত দামের চেয়ে কম ছিল। সহজ ভাষায়, ব্যাঙ্ক কিনতে যে দাম দেওয়া হচ্ছিল, সেটা পোষাচ্ছিল না সরকারের। সস্তা হচ্ছিল। এরপর সম্ভাব্য ক্রেতাদের দর সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল।
ফেয়ারফ্যাক্স নতুন করে দর দেয়। নতুন প্রস্তাবে প্রতি শেয়ারের দাম প্রায় ৮১ টাকা বলে খবর। সেই হিসাবে কেন্দ্র এবং এলআইসি-র হাতে থাকা ৬০.৭২ শতাংশ মালিকানার মোট মূল্য প্রায় ৫৩ হাজার কোটি টাকা।
কেন্দ্র এবং এলআইসির কত মালিকানা?
আইডিবিআই ব্যাঙ্কে নিজেদের হাতে থাকা ৩০.৪৮ শতাংশ অংশীদারি বিক্রি করছে কেন্দ্রীয় সরকার। অন্ দিকে, এলআইসি বিক্রি করবে তাদের ৩০.২৪ শতাংশ অংশীদারি। দুই পক্ষ মিলিয়ে ব্যাঙ্কের মোট ৬০.৭২ শতাংশ মালিকানা বিক্রি করা হবে।
আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২১ সালে। দরদামের পর ফেয়ারফ্যাক্সও নতুন করে দর হেঁকেছে। ব্যাঙ্কটি কিনতে তারা আগ্রহী। তবে এখনও সব কিছু চূড়ান্ত নয়। ফেয়ারফ্যাক্সের সংশোধিত প্রস্তাবটি ব্যাঙ্কের প্রকৃত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নতুন দর পোষালে শীঘ্রই হবে আনুষ্ঠানিক চুক্তি।
শেয়ারে প্রভাব
আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের খবরের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বুধবার সামান্য পতনের পর ব্যাঙ্কের শেয়ার প্রায় ৮১ টাকা দামে বন্ধ হয়েছে। তার আগের দিন, মঙ্গলবার শেয়ারের দর ১০ শতাংশেরও বেশি পড়ে গিয়েছিল।