Advertisement

China India Business: উল্টে গেল পাশার দান, ভারত থেকে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস কিনছে চিন, আসল রহস্য কী?

India China Exports: ভারত থেকে চিনে বাড়ল রফতানির পরিমাণ। বিশেষ করে ইলেকট্রনিক্স সামগ্রী ভারত থেকে আমদানি করেছে চিন। আচমকা এই বৃদ্ধি কেন? বুঝে নেওয়া যাক।

ভারত থেকে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস কিনছে চিনভারত থেকে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস কিনছে চিন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 3:11 PM IST
  • ভারত থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স সামগ্রী কিনছে চিন।
  • ভারত ও চিনের মধ্যে বাণিজ্য আবারও বাড়ছে।
  • বিশ্বব্যাপী AI এবং ডেটা সেন্টারের দ্রুত প্রসারের কারণে এই ট্রেড বাড়ছে।

ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে বিশ্বের তাবড় তাবড় দেশকে বারেবারেই মাত দেয় চিন। কারণ সেদেশের ঘরে ঘরে কুটির শিল্পের মতো গজিয়ে উঠেছে ইলেকট্রনিক্স দ্রব্য তৈরির কারখানা। ফলে চিন থেকে বিপুল পরিমাণে ইলেকট্রিক সামগ্রী বিভিন্ন দেশে রফতানি হয়। কিন্তু এবার ধীরে ধীরে যেন উল্টাচ্ছে পাশার দান। কারণ এবার ভারত থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স সামগ্রী কিনছে চিন।

জানা গিয়েছে, ভারত ও চিনের মধ্যে বাণিজ্য আবারও বাড়ছে। বিশেষ করে বিশ্বব্যাপী AI এবং ডেটা সেন্টারের দ্রুত প্রসারের কারণে এই ট্রেড বাড়ছে। অন্যদিকে,এআই এবং ডেটা সেন্টারের ক্ষেত্রে ভারতের সম্পৃক্ততাও দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার ফলে চিনে রফতানি করার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

ব্লুমবার্গের একটি রিপোর্ট বলছে, প্রধানত ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারি সামগ্রীর কারণেই অগাস্ট পর্যন্ত বিগত পাঁচ মাসে চিনে ভারতীয় রফতানি প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের মার্চে শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে চিনে ভারতীয় ইলেকট্রনিক্স পণ্যের চালান তিনগুণ বেড়ে ৩.১৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি, স্মার্টফোন, ডিসপ্লে মডিউল এবং টেলিকম সামগ্রীর রফতানি কয়েকগুণ বেড়ে গিয়েছে। রিপোর্ট বলছে, চলতি অর্থ বছরেও এই গতি অব্যাহত রয়েছে এবং এপ্রিল থেকে আগস্টের মধ্যে গত বছরের তুলনায় ইলেকট্রনিক্স পণ্যের চালান ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। 

চিন হঠাৎ করে কেন এত বিপুল পরিমাণে ভারতীয় ইলেকট্রনিক্স সামগ্রী কিনছে? 

ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি রাজু গয়াল ব্লুমবার্গকে জানিয়েছেন, চিনে রফতানি বৃদ্ধির অন্যতম একটি কারণ হল, AI সংক্রান্ত পণ্যের জন্য প্রয়োজনীয় ভালো মানের সরঞ্জামের চাহিদা। এর পাশাপাশি ডেটা সেন্টারের সংখ্যায় দ্রুত বৃদ্ধিও উচ্চমানের পণ্যের চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে। উচ্চমানের পণ্যের চাহিদার কারণে  চিনা কোম্পানিগুলো ভারত থেকে ইলেকট্রনিক্স আমদানি বাড়াচ্ছে।

সামগ্রিক নিরিখে চিনে রফতানি এখনও কম

সাম্প্রতিক বৃদ্ধি সত্ত্বেও ভারতের মোট রফতানি হিসেবে চিনে রফতানি কিন্তু এখনও অনেক কম। ২০২৬ মার্চ পর্যন্ত গত আর্থিক বছরের হিসেবে  ভারতের মোট রফতানির মাত্র ৪.৪ শতাংশ হয়েছে চিনে। যা আগের বছরের ৩% থেকে সামান্য বেশি। অন্যদিকে, প্রায় ২০% সামগ্রী ভারত রফতানি করেছে আমেরিকায়।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement