
ভারতীয় অর্থনীতির চাকা রয়েছে সঠিক ট্র্যাকেই। করোনা মহামারীর সময় একথা আগেই প্রমাণিত হয়েছে। কারণ অতিমারির সময় বিশ্বের অন্য একাধিক দেশের অর্থনীতি সংকুচিত হলেও, ভারত নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এবার বিশ্বের নামী আর্থিক সংস্থা গোল্ডম্যান শ্যাক্স বলছে, আগামী বহুদিন পর্যন্ত ভারতীয় অর্থনীতির এই গতি অব্যাহত থাকবে। এমনকি দূর ভবিষ্যতে ভারতীয় ইকোনমি আমেরিকাকেও ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে।
'ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস'-এর সোশ্য়াল মিডিয়ায় গোল্ডম্যান স্যাকসের একটি অনুমান শেয়ার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ২০৭৫ সালের মধ্যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
পিছিয়ে যাবে আমেরিকা
গোল্ডম্যান স্যাকসের অনুমান অনুযায়ী, ২০৭৫ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি আমেরিকা-সহ অন্য শীর্ষ অর্থনীতিগুলোকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এর আকার হবে ৫২.৫ ট্রিলিয়ন ডলার। আর্থিক সমীক্ষক সংস্থার হিসেব অনুযায়ী, ২০৭৫ সাল নাগাদ মার্কিন অর্থনীতির আকার হবে ৫১.৫ ট্রিলিয়ন ডলার। এর অর্থ হলো, মার্কিন অর্থনীতি ভারতের চেয়ে ১ ট্রিলিয়ন ডলার ছোট হবে। বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকা পিছিয়ে পড়বে।
এক নম্বরে থাকবে চিন
এই তালিকায় স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, অর্থনৈতিক প্রতিযোগিতায় ভারত আমেরিকার মতো দেশগুলোকে ছাড়িয়ে গেলেও, বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চিন কিন্তু এক নম্বর স্থানে উঠে আসবে। ২০৭৫ সালের মধ্যে চীনের অর্থনীতির মূল্য ৫৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।
গোল্ডম্যানের পূর্বাভাসের আর একটি আশ্চর্যজনক বিষয় হলো, ব্রিটেন ও জাপানের মতো দেশগুলো বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির তালিকা থেকে বাদ পড়বে। রাশিয়া ও ফ্রান্সের অবস্থানও উল্লেখযোগ্যভাবে নিচে নেমে যাবে।