
প্রতিমাসেই মুদিরখানার বিল বাড়ছে। সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন, ভারতে দাম বৃদ্ধি কী হারে হচ্ছে! রান্নার তেল, শাকসবজি, ডাল, দুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই বেশিরভাগ পরিবারের বাজেট লাফিয়ে বাড়ছে। রোজগারের বেশির ভাগ টাকা ন্যূনতম খাবার খেতেই চলে যাচ্ছে। এরপর কেনাকাটা, বিনোদন, এমনকী টাকা জমানোর জন্য আর হাতে আর কিছুই থাকছে না। অনেক পরিবার আবার খরচ কমানোর জন্য জিনিস কেনা কমানোর চেষ্টা করছেন। কেউ ভাবছেন বিকল্প রোজগারের কথা। এটাই চুম্বকে এই মুহূর্তে ভারতের আম জনতার অবস্থা। এরপর আবার পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির বেড়েছে। এখন কমার কোনও সম্ভাবনা প্রায় নেই।
খুচরো বাজারে কোনও জিনিস পৌঁছনোর আগেই দাম বেড়ে যাচ্ছে
অক্টোবরে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি বা দাম বৃদ্ধির হার ১২.৩ শতাংশ বেড়েছে। এই নিয়ে টানা দু বার ডাবল ডিজিটে বাড়ল। যার নির্যাস, খুচরো বাজারে কোনও জিনিস পৌঁছনোর আগেই দাম বেড়ে যাচ্ছে। এরপর তো খুচরো বাজারের মুদ্রাস্ফীতি আছেই। পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তার ইঙ্গিত মিলেছে LocalCircles-এর একটি দেশব্যাপী সমীক্ষায়। ১৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৩২৬টি জেলার ৭৪ হাজার ৩১১ জনের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, ৯৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এক বছর আগের তুলনায় নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে তাঁদের বেশি টাকা খরচ হচ্ছে। প্রায় ৯২ শতাংশের মাসিক খরচ অন্তত ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে ৭৯ শতাংশ জানিয়েছেন, তাঁদের সংসার চালানোর খরচ বেড়েছে ১৫ শতাংশ বা তারও বেশি। এর মধ্যেই অক্টোবরে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমা ছাড়িয়ে ৬.০৯ শতাংশে পৌঁছেছে। ফলে আগামী দিনে সাধারণ মানুষের সংসারের বাজেটে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সংসার চালানোর খরচ বাড়ছে ২০ শতাংশেরও বেশি
LocalCircles-এর সমীক্ষায় উঠে এসেছে, মূল্যবৃদ্ধির প্রভাব কোনও নির্দিষ্ট পণ্য বা কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সামগ্রিকভাবে সংসারের খরচ বেড়েছে। কোন কোন জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে, সেই প্রশ্নের উত্তরে ৭৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ঘি, মাখন ও ভোজ্যতেল। ৭৩ শতাংশের মতে, দাম বেড়েছে তাজা শাকসবজির। চাল, গম-সহ বিভিন্ন খাদ্যশস্যের দাম বৃদ্ধির কথা জানিয়েছেন ৭১ শতাংশ। এ ছাড়া দুধ, দই, পনিরের মতো দুগ্ধজাত পণ্য এবং তাজা ফলের দাম বৃদ্ধির কথা বলেছেন ৬৫ শতাংশ উত্তরদাতা। ডাল ও অন্যান্য ডালের দাম বেড়েছে বলে জানিয়েছেন ৬২ শতাংশ। অর্থাৎ, রান্নার তেল থেকে শুরু করে শাকসবজি, চাল-ডাল, দুধ ও ফল, প্রতিটি ক্ষেত্রেই দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ।
খরচ সামলাতে খাবারেও কাটছাঁট করছেন অনেকে
সমীক্ষার আরও উদ্বেগজনক দিক হল, মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বহু পরিবার দৈনন্দিন খরচ কমানোর পাশাপাশি খাবারের পরিমাণ ও গুণমানেও কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। LocalCircles-এর আর একটি সমীক্ষায় ২০ হাজার ৩৮৪টি প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ৭৪ শতাংশ মানুষ খরচ সামলাতে বাইরে খাওয়াদাওয়া, কেনাকাটা ও বিনোদনের মতো শখের খরচ কমিয়েছেন। প্রায় ৫০ শতাংশ পরিবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের কেনাকাটার পরিমাণ কমিয়েছে।
এ ছাড়া ৩৯ শতাংশ পরিবার সংসারের খরচ সামলাতে সঞ্চয়ে হাত দিতে অথবা ধার করতে বাধ্য হচ্ছে। ৩৭ শতাংশ মানুষ তুলনায় সস্তা ব্র্যান্ড বা কম দামের পণ্যের দিকে ঝুঁকেছেন। মাত্র ৮ শতাংশ জানিয়েছেন, মূল্যবৃদ্ধির কারণে তাঁদের খরচ বা কেনাকাটার অভ্যাসে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি।
পাইকারি মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে খুচরো বাজারেও
শুধু খুচরো বাজার নয়, পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে। খুচরো মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের কেনাকাটার খরচের পরিবর্তন বোঝায়। অন্যদিকে, পাইকারি মূল্যসূচক বা WPI উৎপাদন ও সরবরাহের বিভিন্ন পর্যায়ে পণ্যের দামের পরিবর্তনের হিসাব দেয়। পাইকারি বাজারে দীর্ঘদিন ধরে দাম বাড়তে থাকলে তার প্রভাব শেষ পর্যন্ত ক্রেতাদের উপরেও পড়তে পারে। অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী, জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রের পাইকারি মূল্যবৃদ্ধির হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে এই হার ছিল প্রায় ২৬ শতাংশ। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ৫৭.৩ শতাংশ থেকে বেড়ে ৭০.৮ শতাংশ হয়েছে। এক বছর আগে এই ক্ষেত্রের দাম অবশ্য কমেছিল ৭.২ শতাংশ।