
ফের ধস নামল ভারতের শেয়ারবাজারে। সোমবার সপ্তাহের শুরুতেই পড়ল সেনসেক্স এবং নিফটি। মূলত ইরান এবং ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণেই এই পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ দিন শুরুতেই ৮০০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। নিফটি ডাউন ২৫০ পয়েন্ট। এই পরিস্থিতিতে একাধিক বড় স্টকের হাল খারাপ। যার ফলে বড় ক্ষতির মুখে বিনিয়োগকারীরা।
কী হয়েছে নিফটি ও সেনসেক্সে?
শুক্রবার সেনসেক্স ক্লোজ করেছিল ৭৪,২৪৩ পয়েন্টে। আর আজ সকালে সেখান থেকে কিছুটা উঠে ৭৩,৪২১ পয়েন্ট শুরু করে। তারপর হঠাৎই এই সূচক ৭৩,৩১৮ পয়েন্টে নেমে যায়।
ও দিকে আজ নিফটির হালও ছিল একই রকম। এটি ২৩,০৮০ পয়েন্টে ওপেনিং করে। তারপর পড়ে যায় ২৮৬ পয়েন্ট। আর শুক্রবার এটি ক্লোজিং করেছিল ২৩,৩৬৬ পয়েন্টে।
কোন কোন স্টকের হাল খারাপ?
শেয়ারবাজারের হাল খারাপ। হু হু করে পড়ছে সেনসেক্স এবং নিফটি। এর ফলে বড় বড় সব স্টকের দামে ক্র্যাশ এসেছে।
বিএসই লার্জক্যাপ সেকশনে ইটারনালের শেয়ার পড়েছে ২.৫০ শতাংশ, টিসিএস-এর শেয়ার নেমেছে ২.১০ শতাংশ, এম অ্যান্ড এম-এর শেয়ার নেমে গিয়েছে ২.০৫ শতাংশ, এইচডিএফসি শেয়ার নেমেছে ১.৫০ শতাংশ এবং রিলায়েন্স নেমেছে ১.২৫ শতাংশ।
মিডক্যাপ ক্যাটাগোরিতে অশোক লেল্যান্ড পড়েছে ৩ শতাংশ, মুথুট ফিনান্স ২.৬৩ শতাংশ, গোদ্রেজ প্রপার্টিজের শেয়ার ২.৬০ শতাংশ এবং ইউপিএল-এর শেয়ার ২ শতাংশ তলিয়ে গিয়েছে।
কেন পড়ছে শেয়ারবাজার?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হঠাৎ করেই ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যুদ্ধ যুদ্ধ গন্ধ উড়ছে মধ্যপ্রাচ্যে। আর এমন পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক মার্কেটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে ৯৬ ডলার ছাড়িয়ে গিয়েছে। ও দিকে ডব্লুটিআই ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৯৪ ডলারের গণ্ডি ছাড়িয়েছে। আর এমন পরিস্থিতিতেই সেনসেক্স এবং নিফটির হাল খারাপ হয়ে গিয়েছে।
আসলে নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের অর্থ হল হরমুজ প্রণালীতে টানাপোড়েন বৃদ্ধি। এই সমুদ্রপথ থেকে আসতে পারবে না তেল এবং এলপিজি। আর সেই কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এ দিকে তলিয়ে যাচ্ছে সেনসেক্স এবং নিফটি।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তাঁর আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।