
Iran-Israel War Impact, Sensex Nifty Fall: যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়া। আর তার সরাসরি প্রভাব আছড়ে পড়ল ভারতের শেয়ার বাজারে। ইরান ও ইজরায়েলের মধ্যে ঘনীভূত যুদ্ধের মেঘে দালাল স্ট্রিটে এখন শুধুই রক্তক্ষরণ। গত চার দিনে ভারতীয় লগ্নিকারীদের কপাল পুড়েছে বললেও কম বলা হয়; এক লহমায় বাজার থেকে উধাও হয়ে গিয়েছে ১৩ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ।
শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় দেখা গেল, বিনিয়োগকারীদের মাথায় হাত। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অস্থিরতা আর বিদেশি লগ্নিকারীদের ক্রমাগত শেয়ার বিক্রির হিড়িকই এই বিপর্যয়ের মূল কারণ।
গত ২৭ ফেব্রুয়ারি যেখানে বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন ছিল ৪৬৩.২৫ লক্ষ কোটি টাকা, মাত্র চার দিনের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে ৪৪৯.৭৯ লক্ষ কোটি টাকায়। সেনসেক্স ও নিফটির এই পতন মূলত ত্বরান্বিত করেছে ব্যাঙ্কিং ক্ষেত্র। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে শুরু করে স্টেট ব্যাঙ্ক বড় বড় সব শেয়ারের দর মুখ থুবড়ে পড়েছে।
পাল্লা দিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, যার ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ বিনিয়োগকারীরা। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৮৬ ডলার ছাড়িয়ে যাওয়ায় ভারতের মতো আমদানিকারক দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চরম এই দুঃসময়েও একদল বিশেষজ্ঞ মনে করছেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি সস্তায় ভালো শেয়ার কেনার সুযোগ হতে পারে। এখন নজর থাকবে ইরান-ইজরায়েল সংঘাত কোন দিকে মোড় নেয়, তার ওপর।