
পুজোয় সব টাকা খরচ করবেন না। হাতে রাখুন। দশমীর পরই বাজারে আসছে জিওর আইপিও (Jio Platforms Limited IPO)। বাম্পার কামাইয়ের সুযোগ রয়েছে বলে দাবি করছে বিশেষজ্ঞদের একাংশ। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের সংস্থা জিও প্ল্যাটফর্মস লিমিটেডের আইপিওর শেয়ার পিছু দাম ১,০৬৫ থেকে ১,১১৯ টাকা। দাবি করা হচ্ছে, ভারতের শেয়ার বাজারের ইতিহাসে এটাই হতে চলেছে বৃহত্তম আইপিও।
আগামী ২১ অক্টোবর জিও প্ল্যাটফর্মস লিমিটেডের আইপিওর সাবস্ক্রিপশন শুরু। আবেদন করতে পারবেন সাধারণ গ্রাহকরা। এখন থেকেই গ্রে মার্কেটে শেয়ারের চাহিদা তুঙ্গে। এখনও পর্যন্ত যা খবর, জিও আইপিওতে কামাই হতে পারে ২০ শতাংশ। সহজ ভাষায়, ৭ দিনেই ১০০ টাকার লগ্নি হয়ে যেতে পারে ১২০ টাকা।
৩০,২১৩ কোটি টাকার এই জিও প্ল্যাটফর্ম লিমিটেডের আইপিও-তে আবেদন করা যাবে ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শেয়ার হাতে আসার সম্ভাব্য দিন ২৬ অক্টোবর। সব ঠিক থাকলে ২৮ অক্টোবর বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে সংস্থার শেয়ার। মোট ২৭ কোটি নতুন শেয়ার ছাড়ছে জিও।
জিও প্ল্যাটফর্মস লিমিটেডের আইপিওর পুরো হিসেব
জিওর আইপিও শেয়ার-পিছু দাম ১,০৬৫ থেকে ১,১১৯ টাকা।
সর্বোচ্চ দাম ধরে ১২টি শেয়ারের এক লট কিনতে হবে।
খুচরো বিনিয়োগকারীদের ন্যূনতম খরচ হবে ১৩,৪২৮ টাকা।
২১ অক্টোবর আইপিও খুলবে। বন্ধ হবে ২৩ অক্টোবর।
২৬ অক্টোবর শেয়ার বরাদ্দ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।
২৮ অক্টোবর শেয়ারের আনুষ্ঠানিক বিক্রিবাটা শুরু হবে বাজারে।
২০ শতাংশ লাভের সম্ভাবনা
গ্রে মার্কেটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর দুপুর ১২টা ২ মিনিটে জিওর শেয়ারে প্রিমিয়াম ছিল ২২৩ টাকা। আইপিও-র সর্বোচ্চ দাম ১,১১৯ টাকা ধরলে সম্ভাব্য দাম দাঁড়াচ্ছে ১,৩৪২ টাকা। অর্থাৎ বাজারে আসার সঙ্গে সঙ্গে প্রায় ১৯.৯৩ শতাংশ লাভের সম্ভাবনা। তবে গ্রে মার্কেট প্রিমিয়াম কোনও সরকারি সূচক নয়। এটি বিনিয়োগকারীদের মনোভাবের ইঙ্গিত মাত্র। প্রকৃতপক্ষে শেয়ার বাজারে আসার সময় কত দাম উঠবে, তা নিশ্চিত করে বলা যায় না।
জিওর আয় কত
মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের চিফ রিসার্চ অফিসার রবি সিং জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে জিও প্ল্যাটফর্মসের আয় ছিল ১.৪৭ লক্ষ কোটি টাকা। কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে মুনাফা ৩০,০৪৯ কোটি টাকা। ব্যবসার পরিধির দিক থেকেও জিওর অবস্থান শক্তিশালী। সংস্থার গ্রাহকসংখ্যা ৫৩.৩ কোটি। এর মধ্যে ২৮.৫ কোটি গ্রাহক ফাইভজি পরিষেবা ব্যবহার করেন। দেশের মোট ওয়্যারলেস ডেটা ট্র্যাফিকের প্রায় ৬০ শতাংশ জিওর মাধ্যমে হয়। জিওর গড় গ্রাহক পিছু আয় বর্তমানে ২১৪ টাকা। সেখানে ভারতী এয়ারটেলের ২৫৭ টাকা।