Advertisement

সস্তায় Mobile Recharge এর দিন শেষ? Airtel এর মালিক Sunil Mittal যে কথা বললেন

জিও আসার পর মোবাইল ইন্টারনেট সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছিল। আর ১০ বছর পর টেলিকম সংস্থাগুলির বক্তব্য, এত কম দামে পরিষেবা দিয়ে লাভ করা কঠিন হয়ে পড়ছে।

মোবাইল রিচার্জ নিয়ে পুরো খবর।মোবাইল রিচার্জ নিয়ে পুরো খবর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 5:11 PM IST
  • ইন্টারনেট চালু রাখতে প্রয়োজন বিশাল নেটওয়ার্ক পরিকাঠামো।
  • আর সে কারণে খরচ বেড়েছে বলে দাবি সুনীল মিত্তলের।

মোবাইল রিচার্জের খরচ কি আরও বাড়তে চলেছে? এয়ারটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল মনে করেন, ভারতে মোবাইল রিচার্জের দাম বাড়ানো উচিত। আর নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করতে গিয়ে চিপস, চকোলেট এবং কোল্ড ড্রিঙ্কের উদাহরণ দিয়েছেন। কিন্তু ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কর্ণধার কেন রিচার্জের দাম বাড়ানোর পক্ষে সওয়াল করছেন? সত্যিই কি ভারতে বিশ্বের সবচেয়ে সস্তা ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়? জিও যে সস্তা ডেটার মাধ্যমে গোটা টেলিকম বাজারের ছবিটাই বদলে দিয়েছিল, এখন সেই সংস্থাগুলিই কেন গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা চাইছে? টেলিকম সংস্থাগুলির খরচ কি এতটাই বেড়েছে যে রিচার্জের দাম বাড়তেই হবে?

১২ নভেম্বর নিজের সংস্থা ভারতী এন্টারপ্রাইজেসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুনীল মিত্তল। সেখানে তিনি জানান, ১০ বছর আগেও তাঁর মত ছিল, টেলিকম সংস্থাগুলির প্রতি গ্রাহকের কাছ থেকে মাসে অন্তত ৩০০ টাকা আয় হওয়া উচিত। কিন্তু গত এক দশকে মূল্যবৃদ্ধির কারণে সেই অঙ্ক এখন বেড়ে ৩৫০ টাকা হওয়া উচিত। তবে এখানে মিত্তল সব মোবাইল রিচার্জের দাম ৩৫০ টাকা করার কথা বলছেন না। তিনি আসলে বলছেন 'অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার'-এর (ARPU) কথা। অর্থাৎ প্রতি মাসে একজন গ্রাহকের কাছ থেকে একটি সংস্থা গড়ে কত টাকা আয় করছে।

২০২৬ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে এয়ারটেলের ARPU ছিল ২৭১ টাকা। সুনীল মিত্তল সেই অঙ্ক বাড়িয়ে ৩৫০ টাকা করতে চান। অর্থাৎ প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কবে থেকে রিচার্জের দাম বাড়তে পারে? উত্তরে তিনি জানান, সেটা কবে হবে, তা জানেন না। গোটা টেলিকম শিল্পই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গ্রাহক পিছু মাসে ৩৫০ টাকা আয় কেন?

এর পিছনে রয়েছে মূলত দুটি কারণ। প্রথমত, টেলিকম সংস্থাগুলির ক্রমবর্ধমান খরচ। মিত্তলের দাবি, তেলের দাম ও বিদ্যুতের খরচ বেড়েছে। পাশাপাশি বেড়েছে কর্মীদের বেতন এবং সংস্থা চালানোর অন্যান্য খরচও। এবার প্রশ্ন উঠতে পারে, মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সঙ্গে তেলের দামের সম্পর্ক কোথায়? আসলে আপনার এলাকায় যে মোবাইল টাওয়ার রয়েছে, তা চালাতে দরকার বিদ্যুৎ। বিদ্যুৎ চলে গেলে অনেক ক্ষেত্রে ব্যাকআপ পাওয়ার ব্যবহার করতে হয়। এর মধ্যে রয়েছে ডিজেল জেনারেটরও। 

Advertisement

দ্বিতীয়ত, নেটওয়ার্ক বাড়ানোর জন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন। চিনের সঙ্গে তুলনা টেনে মিত্তল জানিয়েছেন, চিনে ১০ লক্ষেরও বেশি মোবাইল টাওয়ার রয়েছে। সেখানে ভারতে রয়েছে প্রায় ৩.৫ লক্ষ। তাঁর মতে, ভারতে অন্তত দ্বিগুণ টাওয়ার প্রয়োজন। পাশাপাশি আরও বেশি ফাইবার কেবল এবং সমুদ্রের তলা দিয়ে ইন্টারনেট কেবল বসাতে হবে।

বিশ্বে ভারতেই কি সস্তায় ডেটা? 

ব্রডব্যান্ড জিনি নামে একটি সংস্থা ২০২৬ সালের জুলাই মাসে একটি সমীক্ষা চালিয়েছিল। বিশ্বের ২৩৪টি দেশ ও অঞ্চলের মোট ৩৪৪৬টি মোবাইল ডেটা প্ল্যানের তুলনা করা হয়। সমীক্ষা অনুযায়ী, ভারতে প্রতি ১ জিবি মোবাইল ডেটার গড় দাম মাত্র ৬ মার্কিন সেন্ট। ১০০ সেন্টে হয় ১ ডলার। সেই হিসাবে বিশ্বের সপ্তম সস্তা ডেটার দেশ ভারত। অন্য দেশগুলির সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, পাকিস্তানে ১ জিবি ডেটার দাম ১১ সেন্ট, বাংলাদেশে ১৪ সেন্ট, ব্রিটেনে ২৭ সেন্ট এবং চিনে ৪৯ সেন্ট। আমেরিকায় এই দাম ৬০ সেন্ট এবং জাপানে ৮৪ সেন্ট। ট্রাম্পের দেশে প্রতি জিবি মোবাইল ডেটার দাম ভারতের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

ভারতে ডেটার দাম এত কম হল কীভাবে? 

ফিরে যেতে হবে ১০ বছর আগে। ২০১৬ সালে পা রাখে মুকেশ আম্বানির সংস্থা জিও। শুরুতেই বিনামূল্যে ডেটা এবং ভয়েস কলিং দেয় তারা। সেই সময় অন্য টেলিকম সংস্থাগুলি ১ জিবি ডেটার জন্য কয়েকশো টাকা পর্যন্ত নিত। যে ইন্টারনেট এক সময় মানুষ হিসাব করে ব্যবহার করতেন, সেটাই ধীরে ধীরে সহজলভ্য হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে রিচার্জের দাম বাড়াতে শুরু করে টেলিকম সংস্থাগুলি। ২০২৪ সালের জুলাই মাসে জিও নিজেদের রিচার্জ প্ল্যানের দাম ১২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। এয়ারটেলও একই সময়ে ১১ থেকে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ায়। ভোডাফোন আইডিয়াও পিছিয়ে থাকেনি।

কেন এমন সিদ্ধান্ত? 

দামি প্ল্যান নিতে বাধ্য করার পর কিছু গ্রাহক অন্য টেলিকম সংস্থায় চলে যেতে শুরু করেছিলেন। সিটি রিসার্চের একটি রিপোর্ট অনুযায়ী, এয়ারটেলের গ্রাহক ছেড়ে যাওয়ার হারও বেড়েছিল। অর্থাৎ সংস্থাগুলি রিচার্জের দাম বাড়াতে চাইলেও গ্রাহকরা সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন। কারণ বাজারে বিকল্প রয়েছে। 

এয়ারটেল এবং জিও কি সত্যিই লাভ করতে পারছে না? 

২০২৬ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এয়ারটেলের কনসোলিডেটেড নেট প্রফিট ছিল প্রায় ৮,৮৮৮ কোটি টাকা। অন্যদিকে, জিও প্ল্যাটফর্মসের মুনাফা ছিল ৮,৩৮৭ কোটি টাকা। তবে একই ত্রৈমাসিকে প্রায় ৫,৯০০ কোটি টাকা লোকসান করেছে ভোডাফোন আইডিয়া। অর্থাৎ সব টেলিকম সংস্থার আর্থিক পরিস্থিতি এক রকম নয়। দেশের দুই বৃহত্তম সংস্থা মুনাফা করলেও ভোডাফোন আইডিয়া এখনও আর্থিক সঙ্কটের মধ্যে।

রিচার্জের দাম কি বাড়বে?

অগাস্টে নোমুরা অনুমান করেছিল, ২০২৬ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে টেলিকম পরিষেবার ট্যারিফ প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। সুনীল মিত্তলের বক্তব্য, যাঁরা প্রতি মাসে ২০০০ টাকার মোবাইল বিল অনায়াসে দিতে পারেন, তাঁরাও এখন ৫০০ টাকা খরচ করছেন। অর্থাৎ যাঁদের বেশি টাকা খরচ করার সামর্থ্য রয়েছে, প্রথমে তাঁদের জন্য থাকা প্রিমিয়াম প্ল্যানগুলির দাম বাড়ানো উচিত। তাঁর অভিমত, ৪০০-৫০০ টাকার প্রিমিয়াম প্ল্যানের দাম বাড়িয়ে ৬০০-৭০০ টাকা করা যেতে পারে।

একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এয়ারটেল একা রিচার্জের দাম বাড়াতে পারবে না। কারণ জিও যদি একই সময়ে দাম না বাড়ায়, তা হলে গ্রাহকরা এয়ারটেল ছেড়ে জিওতে চলে যেতে পারেন। তাই শেষপর্যন্ত জিও কখন এবং কতটা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তার উপরই অনেক কিছু নির্ভর করছে। দুই সংস্থাই একে অপরের সিদ্ধান্ত দেখেই নিজেদের পদক্ষেপ ঠিক করতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement