Advertisement

'Corporate Tax, Income Tax এ ছাড় দেওয়ার পরেও কেন Salary বাড়ল না?', প্রশ্ন মোদীর

নয়াদিল্লিতে ফিকির অনুষ্ঠানে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে দেশীয় সংস্থাগুলিকে আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে সরকারি নীতি এবং বিভিন্ন দেশের সঙ্গে হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোরও আহ্বান জানান।

নরেন্দ্র মোদী।নরেন্দ্র মোদী।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 8:04 PM IST
  • শিল্পপতিদের বড় বার্তা মোদীর।
  • আন্তর্জাতিক বাজারে ব্যবসা নিয়ে পরামর্শ।

কমছে কর্পোরেট করের হার। আয়করে ছাড়ের সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করেছে। কর্মীদের বেতন কি বাড়িয়েছে কোম্পানিগুলি? কর্মীর সংখ্যাও কি বেড়েছে? শিল্পপতিদের সভায় এই প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিলেন, দেশের বিশাল অভ্যন্তরীণ বাজারের গণ্ডিতে আটকে না থেকে আন্তর্জাতিকস্তরে প্রতিযোগিতায় নামতে হবে ভারতীয় সংস্থাগুলিকে। আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তৈরি হওয়া সুযোগগুলিকে কাজে লাগানোর পরামর্শ দিলেন।

নয়াদিল্লিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FICCI) অনুষ্ঠানে মোদী মনে করিয়ে দেন,'২০২৪ সালে কর্পোরেট কর ছিল ৩০ শতাংশ। সেটা ২২ শতাংশ করে দিয়েছি। এখন ভারতে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগে না'। সেই সঙ্গে জানতে চান,'আমি তো ১২ লাখ টাকা আয়ে কর ছাড় দিয়েছি। আপনারা কি কর্মীদের মাইনে বাড়িয়েছেন? কর্মীদের সংখ্যা বাড়িয়েছেন? না'। প্রধানমন্ত্রীর স্বগতোক্তি,'মোদীজি আপনি করুন, আমরা দেখে নেব। এভাবেই চলবে!'

মোদীর বার্তা, শিল্পমহলের কর ছাড়ের দাবি কখনওই পুরোপুরি মেটানো সম্ভব নয়। তাই শুধু কর ছাড়ের দাবি জানিয়ে বসে না থেকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালনের উপরেও গুরুত্ব দিতে হবে ব্যবসায়ীদের।

ভারতের ১৪০ কোটি মানুষের বাজারের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। আন্তর্জাতিক চাহিদা মেটানোর মতো সক্ষমতা তৈরি করতে হবে ভারতীয় শিল্পমহলকে। পাশাপাশি নির্ভরযোগ্য জোগান ব্যবস্থা গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মতো বড় অর্থনীতির সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলির সুযোগ কাজে লাগানোর জন্যও ভারতীয় সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মতে, এই চুক্তিগুলির ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় সংস্থাগুলির ব্যবসা সম্প্রসারণের নতুন দরজা খুলে গিয়েছে। তাই সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় না থেকে এই সুযোগগুলিকে কাজে লাগানোর জন্য এখন থেকেই পরিকল্পনা তৈরি করতে হবে শিল্পপতিদের।

দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় জাতীয় স্বার্থের কথাও মাথায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়,'বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন সম্পদকে ক্রমশ অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement