Advertisement

LTCG : শেয়ারবাজার-SIP থেকে টাকা কামালে আর ট্যাক্স দিতে হবে না? স্পষ্ট করল কেন্দ্র

তবে সরকার সেই সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে। বরং সরকারের মতে, LTCG কর থেকে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ বাড়াতে এই কর তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন অনেকে।

LTCG নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার LTCG নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 4:04 PM IST
  • দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ বাড়াতে এই কর তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন অনেকে
  • তবে আপাতত সরকার সেই পথে হাঁটবে না

শেয়ারবাজার, SIP থেকে দীর্ঘমেয়াদে টাকা কামালে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ  LTCG থেকে কর প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই। জানাল কেন্দীয় সরকার। সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, খুচরো এবং দেশীয় বিনিয়োগকারীদের জন্য তালিকাভুক্ত ইকুইটির ওপর আরোপিত LTCG কর তুলে দেওয়ার কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় নেই। 

দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ বাড়াতে এই কর তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন অনেকে। তবে আপাতত সরকার সেই পথে হাঁটবে না। জানিয়েছেন পঙ্কজ। মন্ত্রী আরও বলেন, মূলধনী লাভের কর (Capital Gains Tax) সহ বিভিন্ন করনীতি প্রতি বছর কেন্দ্রীয় বাজেট তৈরির সময় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পর্যালোচনা করা হয়।

কেন এই জল্পনা তৈরি হয়েছিল?

গত কয়েক মাস ধরে বাজারে জল্পনা চলছিল যে, সরকার হয়তো LTCG কর কমাতে পারে বা সম্পূর্ণ তুলে দিতে পারে। অনেক বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞের দাবি ছিল, এতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়বে এবং বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি সম্প্রতি সরকারি সিকিউরিটিজে বিনিয়োগকারী কিছু বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী (FPI)-কে করছাড় দেওয়ার ঘোষণার পর দেশীয় বিনিয়োগকারীদের ক্ষেত্রেও একই ধরনের সুবিধার দাবি ওঠে।

তবে সরকার সেই সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে। বরং সরকারের মতে, LTCG কর থেকে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রাজস্ব কত বেড়েছে?

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মূল্যায়ন বর্ষে ইকুইটি লেনদেনের ওপর LTCG কর বাবদ সরকারের আয় বেড়ে হয়েছে ১,২৯,১৫৮ কোটি টাকা। আগের বছরে এই অঙ্ক ছিল ৭২,২৪৯ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে এই খাতে কর আদায় প্রায় ৭৮ শতাংশ বেড়েছে।

বর্তমানে LTCG করের নিয়ম কী?

  • তালিকাভুক্ত শেয়ার বা ইকুইটি-ভিত্তিক মিউচুয়াল ফান্ড এক বছরের বেশি ধরে রাখার পর বিক্রি করলে সেই লাভকে Long-Term Capital Gain (LTCG) ধরা হয়। এক অর্থবর্ষে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত LTCG করমুক্ত।
  • ১.২৫ লক্ষ টাকার বেশি লাভের ওপর ১২.৫ শতাংশ হারে কর দিতে হয়।
  • অন্যদিকে, তালিকাভুক্ত ইকুইটির স্বল্পমেয়াদি মূলধনী লাভ (STCG)-এর ওপর ২০ শতাংশ হারে কর প্রযোজ্য।

এই করহারগুলি ২০২৪ সালের জুলাই মাসের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।


 
Read more!
Advertisement
Advertisement