
এক ধাক্কায় কমে গেল জনপ্রিয় ব্র্যান্ড ওল্ড মঙ্কের (Old Monk) আয়। চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে আয় কমল প্রায় ৬৪ শতাংশ। গত কয়েক দশক ধরে 'রাম' বিক্রিতে শীর্ষস্থানে ছিল ওল্ড মঙ্কের উৎপাদনকারী সংস্থা মোহন মিকিন (Mohan Meakin)। কেন সংস্থার আয় কমল? আসলে মহারাষ্ট্রে ওল্ড মঙ্কের তিনটি ভ্যারিয়েন্টের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই তিনটি পণ্যকে রাম হিসেবে বিক্রি করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI। বিষয়টি বম্বে হাইকোর্ট পর্যন্ত গড়ালেও শেষপর্যন্ত মামলা প্রত্যাহার করে নেয় সংস্থা। কিন্তু ওল্ড মঙ্কের ওই তিনটি ভ্যারিয়েন্টে ঠিক কী এমন ছিল, যার জন্য আপত্তি তুলল FSSAI? আর এই নিষেধাজ্ঞার জেরে কতটা আর্থিক ক্ষতি হয়েছে সংস্থার?
চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের পর্যন্ত ওল্ড মঙ্ক প্রস্তুতকারক সংস্থা মোহন মিকিনের আয় কমে দাঁড়িয়েছে ২৮৮ কোটি টাকায়। গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৭৯২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় কমেছে ৬৪ শতাংশ। সেপ্টেম্বরের ত্রৈমাসিকে পরিস্থিতি আরও খারাপ। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় এবার সংস্থার আয় ৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৮ কোটি টাকায়। গত বছর এই সময়ে আয় হয়েছিল ৪৭৩ কোটি টাকা।
মহারাষ্ট্রে কারখানা বন্ধ
মহারাষ্ট্রের খোপোলিতে সংস্থার কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ওই কারখানা পরিদর্শন করেছিল FSSAI। পরিদর্শনের সময় ওল্ড মঙ্কের তিনটি ভ্যারিয়েন্ট তৈরির পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে তারা। অভিযোগ ওই পণ্যগুলি তৈরির জন্য নিউট্রাল স্পিরিটের সঙ্গে রামের ফ্লেভার মেশানো হত। FSSAI-র বক্তব্য, এই পদ্ধতিতে তৈরি পানীয়কে সাধারণ রাম হিসাবে বিক্রি করা যায় না। বরং সেগুলিকে 'রাম ফ্লেভারড স্পিরিট' হিসাবে বিক্রি করতে হবে। বোতলের লেবেলেও থাকতে হবে তার স্পষ্ট উল্লেখ। এই পদক্ষেপের পর থেকেই মে মাস থেকে বন্ধ রয়েছে খোপোলির কারখানা।
৭ বছর পুরনো দাবি ঘিরেও বিতর্ক
শুধু ওল্ড মঙ্ককে রাম হিসাবে বিক্রি করা নিয়েই আপত্তি তোলেনি FSSAI। বোতলের লেবেলে থাকা কয়েকটি দাবিও নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এর মধ্যে রয়েছে '৭ ইয়ার্স ওল্ড ব্লেন্ডেড' এবং 'ভেরি ওল্ড ভ্যাটেড'-এর মতো কথাও। প্রথমে ৭ বছর পুরনো হওয়ার দাবি সরিয়ে নেওয়া এবং ফ্লেভার মেশানোর বিষয়টি লেবেলে লিখতে রাজি হয়েছিল সংস্থা। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য ছিল, সমস্যার মূল জায়গা হল পণ্যটির ক্লাসিফিকেশন। অর্থাৎ শুধু লেবেল বদলালেই সমস্যার সমাধান সম্ভব নয়।
বম্বে হাইকোর্টে মামলা
FSSAI-এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্রে ওল্ড মঙ্কের উৎপাদনের দায়িত্বে থাকা সংস্থা মোহন রকি স্প্রিংওয়াটার ব্রুয়ারিজ। তবে গত ৫ নভেম্বর নিজেদের দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয় তারা। আদালতে সংস্থার তরফে জানানো হয়, সংশোধিত লেবেল সরাসরি নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। এরপর মামলা আর এগিয়ে নিয়ে যেতে না চাওয়ায় সেটি নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট। তবে বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ফলে ওল্ড মঙ্কের ওই তিনটি ভ্যারিয়েন্টের বিক্রিতে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
৫০ কোটি লোকসান!
অক্টোবর মাসে মামলার শুনানিতে সংস্থার আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, বিক্রিতে নিষেধাজ্ঞার জেরে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সংস্থার দাবি, এই পদক্ষেপের কারণে আবগারি রাজস্ব বাবদ প্রায় ৩৫০ কোটি টাকা লোকসান হয়েছে মহারাষ্ট্র সরকারেরও। পাশাপাশি কারখানা বন্ধ থাকায় প্রায় ৩০০ কর্মী কর্মহীন।
সংশোধিত লেবেল কবে?
এখন মোহন মিকিন লিমিটেডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মহারাষ্ট্রের বন্ধ কারখানা এবং বিক্রির উপর জারি থাকা নিষেধাজ্ঞা। সংশোধিত লেবেল নিয়ে FSSAI-এর অনুমোদন পাওয়ার চেষ্টা করছে সংস্থা। পণ্যের শ্রেণিবিভাগ এবং লেবেল সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সম্মতি না পাওয়া পর্যন্ত ওল্ড মঙ্কের তিনটি ভ্যারিয়েন্টের উপর থেকে নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা কম। ফলে এই বিতর্কের প্রভাব শুধু সংস্থার আর্থিক স্বাস্থ্যের উপরেই নয়, ওল্ড মঙ্কের বাজার ধরে রাখারও লড়াই।
ওল্ড মঙ্কের ফিরে আসা
ওল্ড মঙ্কের ইতিহাসে এমন কঠিন সময় নতুন নয়। প্রায় সাত দশকের পুরনো এই ব্র্যান্ডের বিক্রি এক সময়ে অনেকটাই কমে গিয়েছিল। ২০০২ সালে যেখানে বিক্রির পরিমাণ ছিল ৮০ লক্ষ কেস। ২০১৩ সালে তা কমে দাঁড়ায় ৪১ লক্ষ কেসে। এরপর ব্র্যান্ডের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে উদ্যোগী হয় সংস্থা। দীর্ঘদিন সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব সামলানো ব্রিগেডিয়ার কপিল মোহনের মৃত্যু হয় ২০১৮ সালে। তারপর সংস্থার নেতৃত্বেও পরিবর্তন আসে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ওল্ড মঙ্ক। ২০২৫ সালে এই ব্র্যান্ডের বিক্রি বেড়ে দাঁড়ায় ১ কোটি ৪০ লক্ষ কেসে। এমনকি ২ বছর আগে বিক্রির নিরিখে ইউনাইটেড স্পিরিটসের ম্যাকডওয়েলস নম্বর ওয়ান সেলিব্রেশনকেও পিছনে ফেলে দিয়েছিল ওল্ড মঙ্ক।