
দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রভিডেন্ট ফান্ড (PF)-এর টাকা এবার আর তুলতে আলাদা করে আবেদন করতে নাও হতে পারে। এই লক্ষ্যে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের একটি পাইলট প্রকল্পে ১.১৮ লক্ষ নিষ্ক্রিয় (Dormant) EPFO অ্যাকাউন্ট সফলভাবে যাচাই করা হয়েছে।
'The Hindu BusinessLine'-এর প্রতিবেদন অনুযায়ী, EPFO ইতিমধ্যেই ১.১৮ লক্ষ গ্রাহকের তথ্য যাচাই করে তাঁদের সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করেছে। প্রযুক্তিগত পরিকাঠামো প্রস্তুত হলেই, যোগ্য গ্রাহকদের PF-এর বকেয়া অর্থ এবং প্রাপ্য সুদ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। এর জন্য কোনও আলাদা দাবি জানাতে হবে না।
৭.১১ লক্ষ অ্যাকাউন্ট নিয়ে শুরু পাইলট প্রকল্প
এই পাইলট প্রকল্পের আওতায় ৭.১১ লক্ষ নিষ্ক্রিয় EPF অ্যাকাউন্টকে আনা হয়েছে। সেইগুলিতে ১,০০০ বা তার কম টাকা রয়েছে। এসব অ্যাকাউন্টে মোট অব্যবহৃত অর্থের পরিমাণ ৩০.৫২ কোটি।
প্রযুক্তি আপগ্রেডের কাজ চলছে
এই প্রকল্প বাস্তবায়নের জন্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংকে EPFO-র প্রযুক্তিগত প্ল্যাটফর্ম আপগ্রেড করার দায়িত্ব দেওয়া হয়েছে। এটি EPFO 2.01 সংস্কার কর্মসূচির অংশ। এর আগে চালু হওয়া ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ব্যবস্থার উপর ভিত্তি করেই নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে।
'পেনি ড্রপ' পদ্ধতিতে যাচাই
আধার-সংযুক্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির ব্যাঙ্কের তথ্য যাচাই করতে EPFO 'পেনি ড্রপ' পদ্ধতি ব্যবহার করেছে। পাশাপাশি, মৃত গ্রাহকদের শনাক্ত করে ব্যাঙ্কের তথ্যের ভিত্তিতে রেকর্ডও হালনাগাদ করা হয়েছে। তবে সমস্ত তথ্য যাচাই হয়ে গেলেও, স্বয়ংক্রিয়ভাবে টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আপডেটের কাজ এখনও চলছে।
আসছে 'সিস্টেম-জেনারেটেড ক্লেম'
বর্তমানে PF তোলার জন্য গ্রাহককেই অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হয়। কিন্তু নতুন ব্যবস্থায়'System-generated Claim' চালু হবে। অর্থাৎ, যোগ্য গ্রাহকদের জন্য EPFO নিজেই স্বয়ংক্রিয়ভাবে ক্লেম তৈরি করবে এবং আবেদন ছাড়াই টাকা তাঁদের অ্যাকাউন্টে পাঠাবে। মন্ত্রকের সূত্রের দাবি, অগাস্টের শেষ নাগাদ প্রযুক্তিগত সংযুক্তিকরণের কাজ শেষ হতে পারে। এরপরই স্বয়ংক্রিয়ভাবে PF ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখনও অব্যবহৃত পড়ে আছে ১০,৯০৩ কোটি টাকা
শ্রম মন্ত্রকের হিসাব অনুযায়ী, গত দুই দশকে ৩১.৮৬ লক্ষ নিষ্ক্রিয় EPF অ্যাকাউন্টে প্রায় ১০,৯০৩ কোটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
কোনও EPF অ্যাকাউন্টে টানা ৩৬ মাস কোনও টাকা জমা না হলে সেটিকে নিষ্ক্রিয় বলে ধরা হয়। এরপর সেই অ্যাকাউন্টে আর সুদও যোগ হয় না।